পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। কিন্তু সেই আলোর আড়ালে থাকা গল্পগুলো কতটা অজানা? সম্পর্ক, জীবনযাপন, ক্যারিয়ার, গুঞ্জন কিংবা ভবিষ্যতের ভাবনা— সবকিছু নিয়েই এবার তারকাদের মুখোমুখি হবে আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’। আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।
প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে। আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথাও।
আলাপচারিতায় বাঁধন অকপটে বললেন, ‘আমি পুরুষকে ভালোবাসি, তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই বেশি আমার।’
আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে মজার ছলে বাঁধনের আক্ষেপ, ইচ্ছে থাকলেও পাত্রই মিলছে না! এখানেই শেষ নয়। ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র্যাপিড ফায়ার, যেখানে বাঁধনের আরও ব্যক্তিগত ও মজার কিছু উত্তর সামনে আসবে।
‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক, স্টুডিও ইনচার্জ লিটু হাসান। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডা দর্শকের আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার।






