দীপ্ত টিভিতে তুর্কি সিরিজ বাংলায় ‘অনন্ত ভালোবাসা’

দীপ্ত টিভিতে আসছে বিশ্ববন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। তুর্কি ভাষায় সিরিজটির নাম ‘Kara Sevda’। এ উপলক্ষে আজ ১৩ আগস্ট দীপ্ত টিভির প্রাঙ্গণে সিরিজটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নতুন এই তুর্কি ড্রামা সিরিজের কণ্ঠশিল্পীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। সিরিজটি আগামী ১৫ আগস্ট থেকে শনি-বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে শুধু দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।
‘অনন্ত ভালোবাসা’ একটি রোমান্টিক ধারাবাহিক। এর মূল বিষয় শ্রেণিগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া গভীর ও করুণ প্রেম। গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈয়দেরি, মধ্যবিত্ত পরিবারের মেধাবী এক যুবক এবং নিহান সেজিন, ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থানে থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে।
তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজজোগলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তির কারণে নানা ষড়যন্ত্র, পারিবারিক সংকট এবং ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনে নিহান বিয়েতে সম্মতি দেয়।
অন্যদিকে হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায়। কয়েক বছর পর একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরে আসে সে। এরপর গল্পে প্রতিশোধ, গোপন সত্য, ক্ষমতার দ্বন্দ্ব ও আত্মত্যাগের নানা উপাদান যুক্ত হয়। কেমাল ও এমিরের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে, যার মাঝে পড়ে যায় নিহান।
গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকাশ পেতে থাকে নানা লুকানো সত্য এবং চরিত্রগুলোর জটিল সম্পর্ক।
কণ্ঠশিল্পীদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
‘অনন্ত ভালোবাসা’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।







