অস্ট্রেলিয়ার শর্টফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘টু-লেট’

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘ফোকাস অন এবিলিটি শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছে যোবায়ের শাওন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টু-লেট’। ২০০৯ সাল থেকে আয়োজিত এই উৎসবে চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের সক্ষমতা তুলে ধরা এবং তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানানো হয়।
উৎসবের আন্তর্জাতিক বিভাগে ‘টু-লেট’ চলচ্চিত্রটি দুটি ক্যাটাগরিতে লড়াই করছে। এগুলো হলো বিচারকদের রায়ে ‘জাজেস চয়েস’ এবং দর্শকদের সরাসরি ভোটে ‘মোস্ট অনলাইন ভোটিং’। বিশ্বজুড়ে ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত উৎসবের নির্ধারিত ওয়েবসাইটে ফ্রিতে চলচ্চিত্রটি দেখা ও ভোট দেওয়া যাবে।
‘অতঃপর শব্দায়ন’ প্রযোজিত এই চলচ্চিত্রে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের বাসস্থান খোঁজার প্রাত্যহিক সংগ্রাম ও সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। কোনো করুণা বা সহানুভূতি না দেখিয়ে অত্যন্ত বাস্তবসম্মতভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি, ভ্রান্ত ধারণা ও একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের প্রতিদিনের প্রতিবন্ধকতাকে গল্পে তুলে ধরেছেন নির্মাতা।
চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর ভট্টাচার্য, যিনি বাস্তব জীবনেও একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হায়াতুজ্জামান খান, বিত্তা তাসকিয়া, তাহজিল হাসান, সেতারা পারভীনসহ অনেকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখতে এবং অনলাইনে ভোট দিতে দর্শককে ফোকাস অন এবিলিটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে।







