সাত প্রেক্ষাগৃহ দিয়ে শুরু, আমেরিকায় ‘দম’-এর হাফ সেঞ্চুরি

আমেরিকায় প্রেক্ষাগৃহে রেদওয়ান রনি, (ডানে) ‘দম’-এর দৃশ্যে আফরান নিশো ও পূজা চেরি (ছবি: চরকি)
আমেরিকায় দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দম’। যুক্তরাষ্ট্রে গত ১০ এপ্রিল সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে এই সংখ্যা দাঁড়াচ্ছে ৫০টিতে। এ ছাড়া তালিকায় যুক্ত হচ্ছে কানাডার ৮টি প্রেক্ষাগৃহ। সব মিলিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে উত্তর আমেরিকার ৫৮টি প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ‘দম’।
আমেরিকা ও কানাডায় ‘দম’-এর পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ বলেন, ‘ছবিটি দেখার জন্য দর্শকদের তুমুল আগ্রহ চোখে পড়ছে। পরিবার, বন্ধু ও স্বজন মিলে দলেবলে ‘দম’ দেখতে ভিড় করছেন দর্শকেরা। তাদের চাহিদার সুবাদে প্রেক্ষাগৃহ সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এ ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আশাব্যঞ্জক।’
নির্মাতা রেদওয়ান রনি এখন আমেরিকায় অবস্থান করছেন। ‘দম’-এর একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে দেখা গেছে– একই প্রদর্শনীতে দেখতে এসেছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রেক্ষাগৃহে আসা প্রবাসীরা আফরান নিশোর পাশাপাশি চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের দৃষ্টিতে, ‘সিনেমার ভিজ্যুয়াল, গল্প ও অভিনয় অসাধারণ। ‘দম’-এর মতো চলচ্চিত্র দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। এটি বাংলা ছবির জন্য একটি নতুন মাইলফলক।’
দর্শকদের প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি ভাষায়, ‘সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র ‘দম’। আমার মনে হয়েছে, এই ঘটনার মাধ্যমে বলা সম্ভব বাংলাদেশিদের বিজয়ের গল্প। আমিও অনেকদিন পর ফিরলাম নির্মাণে। এই ফেরা বাংলাদেশের বা বাংলাদেশিদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়ায় তৃপ্তির মনে হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পর অসংখ্য দর্শক জানিয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া। এবার বিদেশের মাটিতে প্রবাসী ভাই-বোনদের কাছ থেকে ভালোবাসা পেয়ে অভিভূত আমি।’
যুক্তরাষ্ট্রে দর্শকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে রেদওয়ান রনি যোগ করেন, ‘সবাই যেভাবে স্বাগত জানিয়েছেন, এসব ঘটনা আমার কাছে থাকবে স্মরণীয় হয়ে। ‘দম’ তথা বাংলাদেশের ছবি নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস, বিশ্বাস করা যাবে না, সেটা না দেখলে। প্রবাসে থেকে বাংলাদেশের চলচ্চিত্র দেখতে সবার আগ্রহ নির্মাতা হিসেবে আমাকে করেছে খুব অনুপ্রাণিত। তাদের ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে, জিতেছে ‘দম’। দর্শকেরাই জিতিয়ে দিয়েছেন ‘দম’কে।’
‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের ভাষ্য, ‘গেল ঈদুল ফিতরে মুক্তির প্রথম দিন থেকেই দাপট দেখিয়ে দর্শকদের ভালোবাসা পাচ্ছে ‘দম’। আমরা মনে করি, বিভিন্ন দেশের প্রবাসীরা ছবিটি দেখতে মুখিয়ে আছেন। আমরা একে একে বিভিন্ন দেশে এটি মুক্তি দেবো।’
দেশের গণ্ডি পেরিয়ে গত ২৭ মার্চ অস্ট্রেলিয়ায় মুক্তি পায় ‘দম’। ২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের ছবিটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেদ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে মিলে এর চিত্রনাট্য তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি। বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ দীর্ঘ ৪৪ বছর পর ‘দম’-এর জন্য নতুন আঙ্গিকে আবারও গেয়েছেন।’

