গোপনে বিয়ে সারলেন পপ তারকা মাইলি সাইরাস

মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্দোর বিয়ে। ছবি: সংগৃহীত
গুঞ্জনই সত্যি হলো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্দোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গ্র্যামিজয়ী পপ তারকা মাইলি সাইরাস।
গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একান্ত ঘরোয়া ও ছিমছাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ৩৩ বছর বয়সী মাইলি ও ২৮ বছর বয়সী ম্যাক্স মোরান্দো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল ও এন্টারটেইনমেন্ট টুনাইট সূত্রে জানা গেছে, পাম স্প্রিংসের একটি বিলাসবহুল রিসোর্টের সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো তোরণের নিচে দাঁড়িয়ে বিয়ের শপথ নেন এই তারকা জুটি।
অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাসসহ কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই উপস্থিত ছিলেন।
বিয়ের আগের রাতে অর্থাৎ শুক্রবার ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিহার্সাল ডিনারেরও আয়োজন করেছিলেন তারা। মাইলির সৎ বোন লিলি-রোজের শেয়ার করা ছবিতে দেখা যায়, ডিনারের মেনু কার্ডে দুজনের নামের আদ্যক্ষর মিলিয়ে ছাপানো ছিল ‘এম +এম’।
২০২১ সালে একটি ‘ব্লাইন্ড ডেট’-এর মাধ্যমে পরিচয় হয়েছিল মাইলি ও ম্যাক্সের। প্রায় চার বছর প্রেমের পর গত বছরের শেষ দিকে জাপানের কিয়োটো সফরে গিয়ে মাইলিকে চমকে দিয়ে প্রপোজ করেন ম্যাক্স।
মজার বিষয় হলো, ম্যাক্স আংটি নিয়ে এসেছেন কি না তা বুঝতে সফর চলাকালীন ম্যাক্সের পকেট তল্লাশিও করেছিলেন মাইলি। কিন্তু হাঁটুর কাছের পকেটে আংটি লুকিয়ে রাখায় সে যাত্রায় ধরা পড়েননি ম্যাক্স। পরে জাপানের এক নির্জন বাগানে এক হাঁটু গেড়ে বসে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
মাইলি এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন। এই সাবেক দম্পতি ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন এবং পিপল ম্যাগাজিন ২০১৯ সালের আগস্টে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করে। ২০২০ সালের জানুয়ারিতে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়।




