শাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী

সংগৃহীত ছবি
আবারো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পেরোতেই আবারও মা হতে যাচ্ছেন বুবলী। চলচ্চিত্রপাড়ায় এখন এই প্রসঙ্গটি আলোচনার টেবিলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। এরপরই প্রকাশ্যে আসে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তাই কারণে আটকে আছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য সিডিউল দিচ্ছেন না এই নায়িকা।
অন্তঃসত্ত্বার কারণে চলতি মাসেই অর্থাৎ রোজার শুরুর দিকেই দ্বিতীয় সন্তান জন্ম দিতে মার্কিন যুক্তরাষ্ট্র উড়াল দেবেন বুবলী। এবার লম্বা ছুটিতে ভিনদেশে যাচ্ছেন তিনি। সেখানেই কাটবে আসন্ন ঈদ। তার প্রথম সন্তানও সেখানে জন্মগ্রহণ করেছিল।
বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার একাধিক ঘনিষ্ঠজন ও সহশিল্পী নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহশিল্পী বলেন, ‘নিশ্চিত হয়ে বলছি বুবলী অন্তঃসত্ত্বা! তার বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি নিজে কাছ থেকে বিষয়টি লক্ষ্য করেছি। এ মাসের শেষের দিকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। যে কারণে দু-একটা ওপেনিং ব্যতীত আপাতত সিনেমার কাজ থেকে নিজেকে দূরে রাখছেন বুবলী।’
এদিকে, বুবলীর উড়ালের খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম।
দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে। বুবলীর বাচ্চা হওয়ার পরে তার বাকি অংশের শুটিং করবেন। সন্তান জš§ দিতে এই মাসে আমেরিকায় যাচ্ছেন তিনি। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আগামী জুনে সিডিউল দিয়েছেন। তবে ধারণা করছি, এই স্বল্প সময়ের মধ্যে তিনি শুটিংয়ের জন্য ফিট হবেন না। আমরা সেপ্টেম্বরে শুটিং যাওয়ার চিন্তা-ভাবনা করে রেখেছি।’
সম্প্রতি কোরিওগ্রাফার গৌতম সাহার বেশকিছু কাজে দেখা গেছে বুবলীকে। মূলত অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পর থেকেই গৌতম বুবলীকে নিয়ে একের পর এক কাজ করছেন। গৌতম বলেন, ‘তার সঙ্গে আমার কাজের সম্পর্ক। যেটার কথা জানতে চাচ্ছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। সবার মতো ফেসবুক ও গণমাধ্যমের খবরে আমিও বিষয়টি দেখেছি বা জেনেছি। দেখার পর বুবলীর কাছে এ নিয়ে প্রশ্ন রাখতেই হেসে উড়িয়ে দিয়ে বলেন, দাদা বাদ দেন। যে কারণে এ নিয়ে আর কখানো আগ্রহ দেখাইনি। তা ছাড়া কাজের বাইরে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে জানতেও চাই না।’
এ বিষয়ে জানতে একাধিকবার বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বরাবরের মতো মুখে কুলুপ এঁটে রহস্যে জিইয়ে রেখেছেন। চিত্রতারকা শাকিব খানও এ প্রসঙ্গে নীরব। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ঘটনায় বিতর্কে বুবলী। এই বিতর্কের শুরুটা হয়েছিল ২০১৭ সালের ১৮ মার্চ বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘ফ্যামিলি টাইম’। ছবিতে বুবলীর পরিবারের লোকজনও ছিলেন। সেই ছবি দেখেই ক্ষিপ্ত হয়েছিলেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান জন্মের খবরে বুবলী আলোচনায় আসেন।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘উধাও’ ছিলেন বুবলী। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। সে সময় এই গুঞ্জন অস্বীকার করে প্রকাশ্যে আসেন বুবলী। জানান, আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে। এর কিছুদিন পর সব কৌতূহল ছাপিয়ে প্রকাশ্যে আসে বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান।
জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীতায় অংশ নেন তিনি। মা হওয়ার খবর কেন্দ্র করে সাংবাদিকদেরও হুমকি দিয়েছিলেন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল। এবারও দেখানো পথেই হাটছেন বুবলী। বর্তমানে এই অভিনেত্রীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।



