লাইভে এসে নিজের শারীরিক অবস্থা জানালেন তানিয়া বৃষ্টি
বিনোদন প্রতিবেদক

তানিয়া বৃষ্টি
দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এতদিন ক্যামেরার সামনে দাঁড়াতে না পারলেও বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে এখনও তার কেমোথেরাপি চলছে।
শনিবার ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান তানিয়া বৃষ্টি। লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। এখন চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে।
অভিনেত্রী জানান, আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত দেবেন চিকিৎসক।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বললেন, চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তার। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি জানান, অসুস্থতার কারণে প্রায় নয় মাস কাজ করতে পারেননি। সে সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ ছিল। বর্তমানে অনেকটাই ভালো অনুভব করায় পরিস্থিতি বিবেচনা করে আবারও কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনয়ে ফেরার পেছনে ভক্তদের ভালোবাসাকেও বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া। যারা তাকে ভালোবাসেন, নিয়মিত পাশে থাকেন এবং তার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, লাইভের শেষ দিকে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তানিয়া বৃষ্টি।
এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ।




