Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

‘সাঁতাও’: ঝড়ের ভেতর মানুষের জীবন

অন্ত আজাদ
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:০৩
শেয়ার করুন:
‘সাঁতাও’: ঝড়ের ভেতর মানুষের জীবন

সংগৃহীত ছবি

উত্তরবঙ্গে ‘সাঁতাও’ শব্দটি সাধারণত টানা সাত দিন ধরে চলা ঝড়-বৃষ্টিকে বোঝাতে ব্যবহৃত হয়। তবে খন্দকার সুমনের সিনেমায় ‘সাঁতাও’ শুধু একটি প্রাকৃতিক ঘটনাকে নির্দেশ করে না; এটি হয়ে ওঠে এক গভীর প্রতীকের নাম। ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে আমরা এখানে ঝড়-বৃষ্টিকে দেখি, কিন্তু তার পাশাপাশি মূল চরিত্রের জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া টানা মানসিক ঝড়ের রূপটিও আমাদের দৃষ্টি এড়ায় না। ফলে প্রকৃতির অস্থিরতা আর মানুষের অন্তর্গত অস্থিরতা ধীরে ধীরে একে অন্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে। গ্রামীণ বাংলাদেশকে আমরা সাধারণত যে কয়েকটি দৃশ্যের ভেতর দিয়ে চিনতে অভ্যস্ত— নদী, ধানক্ষেত, বৃষ্টি, কাঁচারাস্তা, হাট, গরু, লোকগান, কৃষক— ‘সাঁতাও’ সেসবের কোনো নান্দনিক পোস্টকার্ড নয়। বরং এ পরিচিত দৃশ্যগুলোর আড়ালে যে অদৃশ্য টানাপড়েন, ক্ষয়, শোষণ, বেঁচে থাকার লড়াই এবং মানুষের সঙ্গে মাটির সম্পর্ক ক্রমশ বদলে যাওয়ার বাস্তবতা, খন্দকার সুমনের ‘সাঁতাও’ তারই এক গভীর চলচ্চিত্রভাষ্য। তাই সিনেমাটিকে শুধু উত্তরবঙ্গের তিস্তাপারের এক কৃষক দম্পতির গল্প হিসেবে দেখলে এর ব্যাপ্তির বড় একটি অংশ অদেখাই থেকে যায়। ফজলু ও পুতুল আসলে বাংলাদেশের বৃহত্তর বাস্তবতার দুই মুখ; আর তাদের চারপাশের চর, নদী, গরু, ঋণ, বন্যা, খরা, শহরমুখী যাত্রা ও ভাওয়াইয়া মিলে তৈরি করে এ দেশের এক অন্তর্গত স্পন্দন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’ চলাকালীন সিনেমা হলে আমিষ খাবার পরিবেশন বন্ধ

১৮ নভেম্বর ২০২৬

গল্পের কেন্দ্রে ফজলু ও পুতুল। নিজেদের সামান্য জমিতে চাষ করে সংসার চালানো এ দম্পতির জীবনে প্রকৃতি কখনো আশীর্বাদ, কখনো নির্মম প্রতিপক্ষ। তিস্তার পানি শুকিয়ে গেলে চাষাবাদ বিপন্ন হয়, আবার হঠাৎ পানি এলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই বাস্তবতার সঙ্গে যুক্ত হয় ঋণ, মহাজন, এনজিওর কিস্তি, বাজারব্যবস্থা ও জমি বন্ধক রাখার বাধ্যবাধকতা। ফজলুর নিজের জমি আছে, কিন্তু সেই জমি তাকে চূড়ান্ত নিরাপত্তা দিতে পারে না; যদিও সংকটের মুহূর্তে সেটিই ঋণের জামানত হয়ে যায়। এখানেই ‘সাঁতাও’ বাংলাদেশের হৃদস্পন্দনকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্পর্শ করে। বাংলাদেশের কৃষক শুধু প্রকৃতির কাছে পরাজিত হয় না; প্রকৃতি ও অর্থনীতির যৌথ চাপে তার জীবন সংকুচিত হয়। একদিকে প্রয়োজনের সময় নদীতে পানি নেই, আবার কখনো অতিবৃষ্টি কিংবা পানি নিয়ন্ত্রণকারী স্লুইসগেট খুলে দেওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে উৎপাদনের খরচ, ঋণ ও বাজারের অনিশ্চয়তা। অর্থাৎ কৃষকের সংকট শুধু প্রকৃতির বৈরিতায় সীমাবদ্ধ নয়; তার সঙ্গে যুক্ত হয়েছে এমন এক অর্থনৈতিক কাঠামো, যেখানে পরিশ্রম করেও নিজের জীবন ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

পুতুলের গল্পটি এই বাস্তবতাকে আরও মানবিক ও অন্তরঙ্গ করে তোলে। বিয়ের পর অপরিচিত চরে এসে একা হয়ে যাওয়া পুতুলের জীবনে এই বাড়ির গাভিটি হয়ে ওঠে নির্ভরতার প্রতীক। গাভীটি তখন সন্তানসম্ভবা, একই সময়ে পুতুলও গর্ভবতী। ফলে গাভিটির সঙ্গে পুতুলের আত্মিক সংযোগ আরও গভীর হয়ে ওঠে। কিন্তু বাছুর প্রসবের সময় গাভীটি মারা যায়, পরবর্তীতে পুতুলও মৃত সন্তান প্রসব করে। এরপর গাভীর বাছুর লালু পুতুলের কাছে হয়ে ওঠে সার্বক্ষণিক সঙ্গী এবং সন্তানতুল্য। পুতুলের সন্তানহীনতার বেদনা এবং লালুর প্রতি তার আকর্ষণকে পাশাপাশি রেখে ‘সাঁতাও’ মাতৃত্বকে শুধু জৈবিক সম্পর্কের মধ্যে আটকে রাখে না। এই জায়গাটিতে চলচ্চিত্রটি সন্তানহারা এক নারীর সঙ্গে মা-হারা গরুর বাছুরের সম্পর্ককে মানুষের সীমানা অতিক্রম করিয়ে এক আদিম মাতৃত্ববোধের গল্পে পরিণত করে। আর এই আবেগের জায়গাটিই ‘সাঁতাও’-কে শুধু কৃষকজীবনের সংকটের চলচ্চিত্র না রেখে একটি সর্বজনীন মানবিক আখ্যানের দিকে নিয়ে যায়। আর এখানেই ‘সাঁতাও’ শরৎচন্দ্রের ‘মহেশ’-এর স্মৃতি জাগালেও তার নিজের সময়কে স্পষ্টভাবে ধারণ করে। সেখানে গরু শুধু গরু নয়, মানুষের ভালোবাসা ও নির্ভরতার অংশ। কিন্তু ‘সাঁতাও’-এর লালুকে ঘিরে যে সংকট, তার পেছনে রয়েছে ঋণ, এনজিও, বাজার ও টিকে থাকার অর্থনীতি। ফলে লালুকে হারানোর বেদনা একই সঙ্গে ব্যক্তিগত এবং সামাজিক। পুতুলের কান্না তখন শুধু একটি গরুকে হারানোর কান্না থাকে না; সেটি হয়ে ওঠে নিজের শেষ আশ্রয়টুকু হারানোর কান্না।

আরও পড়ুন

এন্ড্রু কিশোর : গানে আছেন, মনে আছেন, স্মরণে কেন নেই

০৪ নভেম্বর ২০২৬

চলচ্চিত্রটির সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি হলো, এত বড় সামাজিক বাস্তবতাকে পরিচালক বক্তৃতায় পরিণত করেননি। তিনি মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে বৃহত্তর সংকটকে দৃশ্যমান করেছেন। জমির দলিল হাতে ফজলুর দাঁড়িয়ে থাকা, ইদ্রিস দেওয়ানির সামনে জমি বন্ধক রাখার আতঙ্ক, কিস্তির চাপে লালুকে হারানো কিংবা ঢাকায় এসে রিকশা চালানোর মতো ঘটনাগুলো মিলেই তৈরি হয় একটি বৃহত্তর বাংলাদেশের ছবি।

এ কারণেই ‘সাঁতাও’-এর রাজনীতি সরাসরি স্লোগানের রাজনীতি নয়; এটি জীবনের রাজনীতি। তিস্তার পানি সঠিক সময়ে পাওয়া যাবে কি না, কৃষক তার জমি ধরে রাখতে পারবে কি না, মহাজনের কঠিন শর্ত মেনেও কেন তাকে ঋণ করতে হচ্ছে, গ্রামের মানুষ কেন শহরে যাবে— এসব প্রশ্নের মধ্যেই সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, পরিবেশ ও ক্ষমতার সম্পর্ক এসে পড়ে।

এ বাস্তবতাকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে চলচ্চিত্রটির অভিনয় ও নির্মাণশৈলীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফজলুল হক ও আইনূন নাহার পুতুলের অভিনয়ে প্রচলিত নাটকীয়তা নেই; বরং তাদের উপস্থিতি এমন যে চরিত্র আর অভিনেতার মধ্যবর্তী দূরত্বটি অনেকটাই মুছে যায়। পুতুলকে পরিচালক কেবল অসহায় গ্রামীণ নারী হিসেবেও নির্মাণ করেননি। তার কান্নার পাশাপাশি আছে তার আকাঙ্ক্ষা, অভিমান, ভালোবাসা এবং প্রতিরোধ। লালুর প্রতি তার টান যতটা মাতৃত্বের, ততটাই নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার আকাঙ্ক্ষা। তাই পুতুলের লড়াই ফজলুর লড়াইয়ের সমান্তরাল নয়; সেটি নিজস্ব এক নারী-অভিজ্ঞতার লড়াই।

আইনূন নাহার পুতুলের এ অভিনয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও স্বীকৃতি পেয়েছে। ‘সাঁতাও’ মোট চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে— শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে খন্দকার সুমন, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আইনূন নাহার পুতুল এবং শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে সুজন মাহমুদ। চারটি পুরস্কারই চলচ্চিত্রটির আলাদা আলাদা শক্তির দিকে ইঙ্গিত করে— একদিকে এর সামগ্রিক নির্মাণ, অন্যদিকে পরিচালনা, অভিনয় এবং শব্দনির্মাণ।

তবে ‘সাঁতাও’কে শুধু শোষণ ও বিপর্যয়ের সিনেমা বললেও ভুল হবে। কারণ বাংলাদেশের হৃদস্পন্দন শুধু দুঃখে তৈরি নয়। পিঠা বানানো, মাছ ধরা, বিয়ের আয়োজন, নৌকাবাইচ, ভাওয়াইয়া, গরুর সঙ্গে মানুষের মমতা— এসবও এই দেশের জীবন। সিনেমাটি এই লোকজ উপাদানগুলোকে সাজসজ্জা হিসেবে ব্যবহার করেনি; এগুলো গল্পের ভেতরেই মানুষের অস্তিত্বের অংশ হয়ে উঠেছে। ফলে যখন সেই আনন্দের জগতের ভেতর হঠাৎ মৃত্যু, ঋণ কিংবা নদীভাঙনের ছায়া ঢুকে পড়ে, তখন ক্ষতিটা আরও গভীরভাবে অনুভূত হয়।

চিত্রভাষাতেও এই দ্বৈততা গুরুত্বপূর্ণ। তিস্তাপারের বিস্তীর্ণ শূন্যতা, দীর্ঘ দৃশ্য, দূর থেকে দেখা ক্ষুদ্র মানুষ এবং বিপরীতে পুতুল-ফজলুর ঘনিষ্ঠ মুহূর্ত— সব মিলিয়ে প্রকৃতি ও মানুষের সম্পর্কটি দৃশ্যমান হয়ে ওঠে। শব্দও এখানে আলাদা গুরুত্ব পায়। বাতাস, পানি, বৃষ্টি, পোকামাকড়, হাঁস, গরুর ডাক— প্রকৃতির নিজস্ব শব্দগুলো কৃত্রিম আবহের বিকল্প হয়ে ওঠে। ফলে পরিবেশ এখানে শুধু দৃশ্যপট নয়; শব্দ ও নীরবতার মধ্য দিয়েও গল্পের সক্রিয় অংশ হয়ে ওঠে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে সুজন মাহমুদের স্বীকৃতিও এই দিকটির গুরুত্বকে আরও স্পষ্ট করে।


শেষ পর্যন্ত ফজলু যখন গ্রাম ছেড়ে ঢাকায় আসে, তখন ‘সাঁতাও’ আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়— শহর কি সত্যিই মুক্তির জায়গা, নাকি গ্রামের সংকটেরই অন্য রূপ? কৃষক শহরে এসে শ্রমজীবী হয়, কিন্তু তার ভেতর থেকে গ্রাম মুছে যায় না। তার হৃদয়ে ভেসে থাকে স্ত্রী, জমি, লালু আর ফেলে আসা জীবনের স্মৃতি। এভাবেই গ্রাম ও শহরকে দুটি আলাদা জগৎ না বানিয়ে ‘সাঁতাও’ দেখায়, কীভাবে একটি আরেকটির সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা। এই অর্থে ‘সাঁতাও’ বাংলাদেশের অন্তরে পৌঁছায় তিস্তাপারের চর দিয়ে, কিন্তু সেখানেই আটকে থাকে না। কৃষকের জমি হারানো, নদীর পানি হারানো, নারীর অনাগত সন্তান হারানো, গরুর সঙ্গে মানুষের সম্পর্ক হারানোর ভয়, গ্রাম হারিয়ে শহরে ঠাঁই নেওয়া— সব হারানোর মধ্যেও মানুষ যে ভালোবাসাটুকু আঁকড়ে থাকে, সেটিই হয়তো এই চলচ্চিত্রের সবচেয়ে বড় মানবিক সত্য।



আরও পড়ুন

কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

০৯ নভেম্বর ২০২৬


‘সাঁতাও’ তাই বাংলাদেশের দারিদ্র্যের ছবি নয়, শুধু পরিবেশ সংকটের ছবিও নয়, আবার কেবল কৃষকের জীবনসংগ্রামের ছবিও নয়। এটি এমন এক বাংলাদেশের ছবি, যেখানে প্রকৃতি, অর্থনীতি, লোকসংস্কৃতি, পরিবার, মাতৃত্ব, ঋণ, অভিবাসন এবং মানুষের অস্তিত্ব— সবকিছু একই জীবনের ভেতরে জড়িয়ে আছে। সেই জটিল জীবনকে সরল করে না দেখিয়ে, তার সৌন্দর্য ও নিষ্ঠুরতাকে পাশাপাশি রেখে খন্দকার সুমন যে চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেখানেই ‘সাঁতাও’-এর বিশেষত্ব। শেষ দৃশ্যের পরও তাই তিস্তাপারের বাতাস যেন থেমে থাকে না। ভাওয়াইয়ার সুরের সঙ্গে মনে হতে থাকে— এই গল্প শুধু ফজলু-পুতুলের নয়। এই গল্প আমাদের। এই মাটি, এই নদী, এই ক্ষয়, এই ভালোবাসা, এই বেঁচে থাকার অবিরাম চেষ্টা— সব মিলিয়েই তো বাংলাদেশের হৃদস্পন্দন।


অন্ত আজাদ।



লেখক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক


সাঁতাওসিনেমাউত্তরবঙ্গজীবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’