মদের নেশায় ১৫ বছর নষ্ট, তিন দশক পরও আক্ষেপ জাভেদ আখতারের

বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। ছবি/ সংগৃহীত
মদ্যপানের নেশায় জীবনের ১৫টি বছর নষ্ট করেছেন বলে মনে করেন বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিন দশকেরও বেশি সময় আগে মদ ছেড়েছেন তিনি। তবে সেই সময়ের অপচয়ের আক্ষেপ এখনো কাটেনি তার।
৮০ বছর পেরোনো জাভেদ এক সাক্ষাৎকারে বলেছেন, জীবনে তার অনেক আক্ষেপ রয়েছে। মদ্যপানের পেছনে যে ১৫ বছর ব্যয় করেছেন, সেই সময় কাজে লাগাতে পারতেন নতুন কোনো ভাষা শেখা, সংগীতচর্চা কিংবা প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য।
জাভেদ আখতার সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানের নবম সংস্করণে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক আলাপচারিতায় মদ্যপান বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকারটি বরখা দত্তের প্ল্যাটফর্ম মোজো স্টোরি-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
জাভেদ আখতার বলেছেন, একসময় প্রায় প্রতি রাতে এক বোতল মদ পান করতেন জাভেদ। তার মতে, প্রাপ্তবয়স্ক জীবনের বেশ কয়েকটি বড় ভুলের পেছনে মদ্যপানের প্রভাব ছিল। তিনি বলেছেন, ‘মাঝেমধ্যে ভাবি, যদি মদ্যপান না করতাম, তাহলে হয়তো এত ভুল করতাম না।’
নিজের শৈশবের কোনো অপ্রাপ্তিকে মদ্যপানের কারণ হিসেবে দেখেন না জাভেদ। বরং স্বীকার করেছেন, ভালো লাগত বলেই তিনি মদ পান করতেন। তবে দীর্ঘদিন বেঁচে থাকার ইচ্ছাই একসময় তাকে এই অভ্যাস ছাড়তে সাহায্য করেছে। ১৯৯১ সালের ৩১ জুলাই ছিল তার মদ পানের শেষ দিন।
কৌতুকশিল্পী সাপন ভার্মার সঙ্গে এক আলাপচারিতায় জাভেদও স্বীকার করেছেন, মদ্যপান নিয়ন্ত্রণে রাখতে পারলে হয়তো তাদের সংসার টিকে যেত। নেশাগ্রস্ত অবস্থায় আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ও তর্কে জড়িয়ে পড়ার কথাও স্বীকার করেছেন তিনি।
জাভেদের বর্তমান স্ত্রী অভিনেত্রী শাবানা আজমিও একবার আরবাজ খানের অনুষ্ঠান ‘দ্য ইনভিনসিবলস’-এ তাদের জীবনের একটি ঘটনা তুলে ধরেছেন। শাবানা জানান, লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে একদিন হঠাৎ জাভেদ ঘোষণা করেন, আর কখনো মদ পান করবেন না।
সেই সিদ্ধান্তের পর তিন দশকের বেশি সময় পেরিয়ে গেছে। মদ ছেড়ে জীবন বদলাতে পেরেছেন জাভেদ। কিন্তু নেশার পেছনে হারিয়ে যাওয়া ১৫ বছরের কথা মনে হলে এখনো আক্ষেপ হয় তার।
সূত্র : আজকাল ইন




