সালমানের ‘মাতৃভূমি’তে শেষবার দেখা যাবে প্রশান্তকে, আবেগঘন স্মৃতিচারণ মিয়াং চ্যাংয়ের

সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র ট্রেলার প্রকাশের পর আবেগাপ্লুত হয়েছেন গায়ক ও অভিনেতা মিয়াং চ্যাং। কারণ এই সিনেমার মধ্য দিয়ে শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার বন্ধু ও ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার সহশিল্পী প্রয়াত প্রশান্ত তামাংকে। বন্ধুর শেষ সিনেমার ঝলক দেখে সামাজিকমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন মিয়াং।
ইনস্টাগ্রামে প্রশান্তকে স্মরণ করে মিয়াং চ্যাং লিখেছেন, ‘আমার ভাই এবং পর্দায় তার শেষ উপস্থিতি! আমি ভীষণ আনন্দিত যে সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে প্রশান্তকে যারা ভালোবাসতেন, তারা সবাই তাকে এই অসাধারণ লুকে বড় পর্দায় দেখতে পারবেন। ইন্ডিয়ান আইডল থেকে নেপালি সিনেমা, ‘পাতাল লোক’ হয়ে এবার বিশ্বের বড় পর্দায়।’
বন্ধুর সঙ্গে কাটানো পুরনো দিনের স্মৃতিও উঠে এসেছে মিয়াংয়ের লেখায়। প্রশান্ত বেঁচে থাকলে সিনেমায় তার চেহারা ও অভিনয়ের জন্য মজা করে খোঁচা দিতেন বলে জানিয়েছেন তিনি। মিয়াং লিখেছেন, ‘তুমি যদি আজ এখানে থাকতে, তাহলে তোমাকে বলতাম, শালা, কী দারুণ লাগছে! সত্যিই কি এটা তুই? অথবা বলতাম, ও বেনসো, এই চরিত্রটা আমাকে কেন দেওয়া হলো না?’
অস্কারের বাজি থেকে ক্রিপ্টো কেলেঙ্কারি, নভেম্বরে নেটফ্লিক্সের সেরা সিনেমা-সিরিজ
১২ নভেম্বর ২০২৬
ফ্লিক্স
এরপরই বন্ধুর প্রতি ভালোবাসা ও আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘মজা বাদ দিলে, তুমি এই সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলে। বরাবরের মতোই আমার সঙ্গে এ নিয়ে কথা বলার সময় কিছুটা লাজুক ও অস্বস্তিতে থাকতে। ইশ্, যদি আমরা দুজন একসঙ্গে সিনেমাটি দেখতে পারতাম! আমরা একসঙ্গেই দেখব। আমরা তোমাকে দেখব।’
মিয়াং ও প্রশান্ত দুজনই ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় আসরের প্রতিযোগী ছিলেন। ২০০৭ সালে অনুষ্ঠিত ওই আসরে বিজয়ী হন প্রশান্ত। এরপর সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেন তিনি। নেপালি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরে ‘পাতাল লোক’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
চলতি বছরের জানুয়ারিতে ৪৩ বছর বয়সে মারা যান প্রশান্ত তামাং। তার মৃত্যুর পর ‘মাতৃভূমি’ হতে যাচ্ছে বড় পর্দায় তার শেষ অভিনয়। সিনেমাটিতে তাকে একজন জ্যেষ্ঠ চীনা সামরিক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
সালমান খান অভিনীত ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। শুরুতে এর নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রশান্তের শেষ সিনেমায় তার উপস্থিতি নিয়ে মিয়াংয়ের এই আবেগঘন স্মৃতিচারণ সামাজিকমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। বন্ধুর সঙ্গে সিনেমাটি একসঙ্গে দেখার ইচ্ছা অপূর্ণ থাকলেও বড় পর্দায় প্রশান্তকে শেষবার দেখার অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।




