বিতর্কের মুখে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে গহনা কোম্পানি

কৃতি শ্যানন
সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী কৃতি শ্যাননকে নিয়ে তৈরি বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে গহনার ব্র্যান্ড জিভা। রাখি বন্ধন উপলক্ষে প্রকাশিত ওই বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছিল।
বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর কৃতির পোশাক নিয়ে একাংশের আপত্তি দেখা দেয়। বিজ্ঞাপনে অভিনেত্রীকে আইভরি রঙের একটি পোশাকে দেখা যায়। এরপরই বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জিভা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। কোম্পানির বিবৃতিতে বলছে, ‘ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান ও গভীর শ্রদ্ধা রয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো উদযাপনে বিশ্বাস করি। এবার আমরা সেই ভালোবাসা ও উদযাপনের পরিসর আমাদের পোষ্যদেরও অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম।’
সংস্থাটি আরও জানিয়েছে, ‘আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কোনও অংশের মানুষের ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে সেটি মোটেই আমাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের সঙ্গে আমরা সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি সমস্ত মাধ্যম থেকে প্রত্যাহার করে নিয়েছি। এই উৎসবের মৌসুমে সকলের জন্য ভালোবাসা ও ইতিবাচকতার শুভেচ্ছা রইল।’
বিতর্কের পর বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জিভা। একইসঙ্গে সংস্থার তরফে দাবি করা হয়েছে, কোনও সম্প্রদায় বা মানুষের ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।
সূত্র-আজকাল








