আয়কর বিভাগের অভিযানে ক্ষুব্ধ রাকুল, ‘২০ বছর থেকেই ট্যাক্স দিই’

রাকুল প্রীত সিং
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার শ্বশুর প্রখ্যাত প্রযোজক বাসু ভাগনানির অফিসে সম্প্রতি আয়কর বিভাগের হানা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল ভারতীয় মিডিয়ায়। অবশেষে নীরবতা ভেঙে সেই সমস্ত সংবাদ ও রটনাকে ‘মিথ্যা, ক্ষতিকারক ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এ অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় রাকুল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আয়কর বিভাগের এ অনুসন্ধানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এবং তিনি জীবনের সব ক্ষেত্রে একজন আইন মেনে চলা নাগরিক।
মিডিয়ার ভুয়া রিপোর্টের কড়া সমালোচনা করে রাকুল লেখেন, ‘সবাইকে সত্যটা জানিয়ে দেওয়া দরকার। এই আইটি রেইড আমার সম্পর্কিত নয়। আমি সেনা পরিবার থেকে এসেছি, ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। ২০ বছর বয়স থেকে নিয়মিত ও সততার সঙ্গে ট্যাক্স দিয়ে আসছি।’
অবৈধ লেনদেনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি কোনো প্রোডাকশন হাউজ বা ব্যক্তিগতভাবে কোনো অবৈধ বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত নই। দেশ বা বিদেশে আমার কোনো বেনামী সম্পত্তি নেই। কেউ আমাকে কোনোদিন দামি উপহার দেয়নি এবং নীতিগতভাবে আমি তা গ্রহণও করি না।’
সংবাদমাধ্যমগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার বিষয়ে রাকুল বলেছেন, ‘ব্যবসা চালানোর জন্য টিআরপির চাপ থাকতে পারে, তাই বলে যা তা খবর পরিবেশন করা যায় না। কারও সম্মান ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে কোনো ভুল রিপোর্ট প্রকাশ করা অনুচিত।’ তিনি বিতর্কিত সংবাদগুলো অবিলম্বে প্রত্যাহার করারও দাবি জানান।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের প্রায় ১২টি জায়গায় অভিযান চালায় আয়কর বিভাগ। অভিযোগ ছিল, সিনেমার অর্থায়নের আড়ালে বিদেশে টাকা পাঠানোর অনিয়মের ঘটনা ঘটছে। এ তালিকায় রাকুল প্রীতের শ্বশুর বাসু ভাগনানির নাম উঠে আসায় জোর আলোচনা শুরু হয়েছিল নেটপাড়ায়। লাগাতার তল্লাশির কারণে পরে লন্ডনে বাসু ভাগনানিকে হাসপাতালে ভর্তিও করতে হয়।
রাকুল প্রীত সিংকে সম্প্রতি ‘পতি পত্নী অউর ওহ দো’-তে দেখা গেছে। আগামীতে রণবীর কাপুর ও সাই পল্লবীর বহুপ্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের বোন সূর্পণখার ভূমিকায় দেখা যাবে তাকে।




