মাধুরীকে না চিনেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শ্রীরাম নেনে

শ্রীরাম নেনে ও মাধুরী
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জীবনসঙ্গী একজন বিশিষ্ট চিকিৎসক। পেশায় হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. শ্রীরাম নেনের সঙ্গে তার আলাপ, প্রেম ও পরিণয়ের গল্প বরাবরই ভক্তদের কাছে বেশ কৌতূহলের।
কিন্তু প্রথম পরিচয়ের সময় মাধুরী যে বলিউডের অন্যতম জনপ্রিয় ও আকাশচুম্বী তারকা অভিনেত্রী, সেটাই নাকি জানতেন না শ্রীরাম। এমনকি মাত্র তিন মাসের পরিচয় ও প্রেমের পরেই মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানের ইউটিউব ভ্লগে তাদের সম্পর্কের শুরুর দিকের এমনই নানা মজার অভিজ্ঞতা তুলে ধরেছেন শ্রীরাম।
ফারহা খানের ভ্লগে শ্রীরাম নেনে জানান, মাধুরীর সঙ্গে যখন তার প্রথম আলাপ হয়, তখন তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থাকতেন। হিন্দি সিনেমা বা বলিউড জগতের সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ বা পরিচয় ছিল না; বরং বাড়িতে ও পরিমণ্ডলে মারাঠি ভাষাতেই বেশি কথা বলতেন তিনি। ফলে মাধুরীর বিশাল জনপ্রিয়তা কিংবা তার তারকাখ্যাতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না শ্রীরামের।
শ্রীরামের ভাষ্য অনুযায়ী, আলাপের পরপরই দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে ওঠে। প্রায় তিন মাস সম্পর্কে থাকার পর মাধুরীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রথম থেকেই তাদের মধ্যে এক সহজ ও সুন্দর সংযোগ তৈরি হয়েছিল, একে অপরকে ভালো লাগতে শুরু করেছিল, তাই সম্পর্ককে পরিণতি দিতে বেশি সময় নেননি তারা।
১৯৯৯ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী ও শ্রীরাম। তাদের বিয়ের রিসেপশনের অভিজ্ঞতা নিয়েও মজার স্মৃতিচারণ করেছেন শ্রীরাম। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকা, কিন্তু তাদের অধিকাংশকেই চিনতেন না শ্রীরাম।
ফারহাকে তিনি জানান, পুরো অনুষ্ঠানটি তার কাছে যেন একটি ‘প্রম নাইট’-এর মতো মনে হয়েছিল। চারদিকে তারকাদের ভিড় থাকলেও কে কোন বড় তারকা, তা জানতেন না তিনি, তাই সবাইকে দেখেই হাসিমুখে অভিবাদন ও শুভেচ্ছা বিনিময় করছিলেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে একমাত্র অমিতাভ বচ্চন-কেই চিনতে পেরেছিলেন শ্রীরাম, কারণ তার ‘অমর আকবর অ্যান্টনি’ সিনেমাটি দেখা ছিল শ্রীরামের। এমনকি শাহরুখ খান বা সালমান খানের মতো জনপ্রিয় তারকাদেরও তখন চিনতেন না তিনি।
বিয়ের পর স্বামীর সঙ্গে আমেরিকায় পাড়ি জমান মাধুরী দীক্ষিত। পরবর্তী সময়ে তাদের দুই ছেলে, অরিন ও রায়ানের জন্ম হয়। দীর্ঘ সময় বিদেশে কাটানোর পর ২০১১ সালে পরিবার নিয়ে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন এই তারকা দম্পতি।




