মজা করতে গিয়ে বিপাকে নোরা, গুনতে হচ্ছে ৩ কোটির মাশুল

নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম
বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির সামাজিক মাধ্যমের এক পোস্টেই এখন তোলপাড়। বিমানে উঠে কৌতুক করতে গিয়ে যে এভাবে বড় আইনি প্যাচে পড়ে যাবেন, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি এ অভিনেত্রী।
একটি প্রাইভেট চার্টার্ড বিমানকে খেলনা আর লেগো প্লেন বলে খোঁচা দেওয়ায় এবার তার বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা।
ঘটনাটি গত বছরের ডিসেম্বরের। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামের এক সংস্থার একটি প্রাইভেট চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন নোরা ফাতেহি। বিমানে ওঠার পর নোরার মনে হয়েছিল বিমানটি যেন বড্ড ছোট।
ব্যস, আর যায় কোথায়, নিজের ফোনের ক্যামেরা অন করে বিমানের ভেতরের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে দেন তিনি। ভিডিওতে হাসতে হাসতে বিমানটিকে ‘খেলনা বিমান’, ‘ছোট্ট একটা মডেল’ আর ‘লেগো প্লেন’ বলে মজা করেন তিনি।
ইনস্টাগ্রামে নোরার অনুসারীর সংখ্যা সাড়ে ৪ কোটিরও বেশি। ফলে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। আর তাতেই বাধে চরম বিপত্তি।
বিমান সংস্থা ‘ডিউনস অ্যাভিয়েশন’-এর দাবি, নোরার এমন দায়িত্বজ্ঞানহীন আর টেকনিক্যাল জ্ঞানহীন মন্তব্যের কারণে তাদের চরম ব্যবসায়িক ক্ষতি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নোরার ভক্ত ও সাধারণ মানুষের মনে ধারণা জন্মায় যে বিমানটি হয়তো ঝুঁকিপূর্ণ বা ভ্রমণের অনুপযুক্ত।
যার ফলে রাতারাতি ১৫ থেকে ২০ শতাংশ বুকিং কমে যায় এবং একের পর এক ফ্লাইট ক্যানসেল হতে শুরু করে।
সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, বিমানটি ছিল একটি ‘সেসনা সাইটেশন সিজে২’ মডেলের মানসম্পন্ন উরোজাহাজ, যা মুম্বাই-জয়পুর রুটের জন্য শতভাগ উপযুক্ত। এমনকি বিমানটির সরকারের সমস্ত বৈধ লাইসেন্স ও ডিজিসিএ ছাড়পত্রও ছিল। নোরা কোনো তথ্য যাচাই না করেই একটি দায়িত্বশীল সংস্থার নাম নষ্ট করেছেন বলে অভিযোগ এনেছে তারা।
অবশেষে কোনো উপায় না দেখে গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছে বিমান সংস্থাটি। ৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি আদালতের কাছে দাবি করা হয়েছে— নোরা যেন অবিলম্বে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন এবং প্রকাশ্যে সবার সামনে ক্ষমা চেয়ে পোস্ট দেন।
জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জাজ আর আগরওয়ালের আদালতে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে দেওয়া একটা ভিডিও যে নোরার জন্য এতো বড় আইনি ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে, তা এখন পুরো বিনোদন জগতের আলোচনার বিষয় হয়ে উঠেছে।






