‘অবসেশন’-এর আইকনিক দৃশ্য পুনর্নির্মাণ করে প্রশংসায় ভাসলেন কৃতি-বরুণ

কৃতি স্যানন ও বরুণ ধাওয়ান
হলিউডের সুপারন্যাচারাল মেগা থ্রিলার ‘অবসেশন’-এর হিন্দি সংস্করণে দেখা যাবে দুই বলিউড তারকা বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননকে। সিনেমাতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ওটিটি মুক্তির ঠিক মুখে সিনেমাটির একটি রোমাঞ্চকর দৃশ্য রিক্রিয়েট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন এই দুই তারকা।
বিশেষ করে সেই ভিডিওতে কৃতির অ্যাক্টিং ও এক্সপ্রেশন দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
সামাজিক মাধ্যমে সম্প্রতি মুক্তি পাওয়া জিওহটস্টারের সেই বিশেষ প্রমোশনাল ভিডিওতে সিনেমাটির বিখ্যাত ‘নো নো নো নো...’ দৃশ্যটি রিক্রিয়েট করেন বরুণ ও কৃতি।
যেখানে ভয়, সাইকোলজিক্যাল ড্রামা ও কান্নার মিশেলে কৃতি স্যাননের অভিনয় সবাইকে বাকরুদ্ধ করে দেয়। ক্ষণিকের জন্য হলেও দর্শকরা ভুলেই গিয়েছিলেন যে এটি কেবল প্রচারের জন্য করা এক ছোট্ট ভিডিও।
ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে কৃতির অভিনয় দক্ষতার প্রশংসার জোয়ারে ভেসেছে।
কেউ লিখেছেন, ‘কৃতি স্যানন, আপনার বহুমুখী প্রতিভা নিয়ে গবেষণা করা প্রয়োজন’ আবার অন্য এক ভক্ত আক্ষেপ করে লিখেছেন, ‘একজন বিশ্বমানের অভিনেত্রী হিসেবে কৃতির পূর্ণ সম্ভাবনাকে এখনো বলিউড ঠিকমতো ব্যবহারই করতে পারল না।’ হরর বা থ্রিলার ঘরানার পরবর্তী ছবিতেও কৃতিকে মুখ্য চরিত্রে দেখার দাবি তুলেছেন নেটিজেনরা।
বক্স অফিসে তুমুল ঝড় তোলার পর আজ ৩০ অক্টোবর, ২০২৬ থেকে জিওহটস্টারে স্ট্রিম হতে যাচ্ছে হলিউডের সাড়া জাগানো ভৌতিক সিনেমা ‘অবসেশন’-এর হিন্দি ডাব করা সংস্করণটি।




