লোকে আমাকে জেদি আর বোকা বলত : কাজল

অভিনেত্রী কাজল
বলিউডের সিমরান হোক কিংবা অঞ্জলি কাজল মানেই পর্দায় এক জীবন্ত প্রাণশক্তি। দীর্ঘ ৩৪ বছরের অভিনয় জীবনে তিনি যেমন দর্শকদের হাসিয়েছেন, তেমনি কাঁদিয়েছেন। তবে ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় তিনি কতটা সাহসী আর জেদি ছিলেন, তা আবারও মনে করিয়ে দিলেন অভিনেত্রী। কাজলের মতে, অনেক সময় তিনি বোকামি করলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন বলেই আজ তিনি এই অবস্থানে।
কাজল বর্তমানে সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও মানের ক্ষেত্রে কোনো আপস করছেন না। তিনি জানান, শুটিং সেটে কাজের পরিবেশ এবং মানুষগুলো তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কাজল বলেছেন, “যাদের সাথে কথা বলা যায় না বা মনের মিল হয় না, তাদের সাথে টানা ৫০ দিন কাজ করা নরক যন্ত্রণার মতো। আমি সেই যন্ত্রণা সহ্য করতে রাজি নই।”
ক্যারিয়ারের শুরুতে যখন নায়িকারা কেবল রোমান্টিক চরিত্রে অভিনয় করতেন, তখন কাজল ‘গুপ্ত’ সিনেমায় ভিলেন হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আবার ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ বিরতি নিয়েছিলেন। এসব সিদ্ধান্ত নিয়ে কাজল জানান, “লোকে আমাকে জেদি আর বোকা বলত। কিন্তু আমি নিজের খামখেয়ালি স্বভাবকে প্রাধান্য দিয়েছি এবং দর্শক সেটাকেই ভালোবেসে গ্রহণ করেছে।”
কাজল ভক্তদের জন্য বড় সুখবর হলো দীর্ঘ ২৮ বছর পর আবারও প্রভু দেবার সাথে পর্দায় ফিরছেন তিনি। ১৯৯৭ সালের ‘মিনসারা কানাভু’র পর তারা জুটি বাঁধতে চলেছেন অ্যাকশন থ্রিলার মহারাজ্ঞী সিনেমায়। এই ছবিতে কাজলকে এক দুর্ধর্ষ লুকে দেখা যাবে। এছাড়াও সিনেমায় থাকছেন নাসিরুদ্দিন শাহ ও যীশু সেনগুপ্তর মতো শক্তিশালী অভিনেতারা।
আপাতত কাজলের নতুন কোনো প্রজেক্টের মুক্তির তারিখ ঘোষণা না হলেও, ‘মহারাজ্ঞী’ সিনেমা দিয়ে তিনি আবারও বক্স অফিস কাঁপাবেন এমনটাই আশা করছেন ভক্তরা।
সূত্র : নিউজ ১৮

