শাহরুখের ‘কিং’- চলচ্চিত্রে রয়েছেন কারিনা!

বলিউড অভিনেতা শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে একটি সাদাকালো ছবি পোস্ট করেন কারিনা। সেই ছবির সঙ্গে দেওয়া বার্তায় আসন্ন সিনেমা ‘কিং’-এ শাহরুখের সঙ্গে তার বিশেষ উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।
কারিনা যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে শাহরুখ ও তাকে মুখোমুখি অবস্থানে দেখা যায়। ছবিটির আবহ দেখে মনে হয়েছে, এটি কোনো নাচের দৃশ্যের অংশ হতে পারে। ছবির সঙ্গে কারিনা লেখেন, ‘শুভ জন্মদিন কিং, এই সাম্রাজ্যের চিরন্তন রাজা। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।’
কারিনার এই পোস্টের পরই শাহরুখের সঙ্গে তার পুনর্মিলন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখটি ‘কিং’ সিনেমার মুক্তির দিন হওয়ায় পোস্টটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে কারিনার একটি বিশেষ নাচের গানে অংশ নেওয়ার কথা বলা হলেও সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা তখনও দেওয়া হয়নি।
কারিনার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখের স্ত্রী ও ‘কিং’ সিনেমার প্রযোজক গৌরি খান। তিনি লেখেন, ‘এটা দুর্দান্ত হতে যাচ্ছে।’ কারিনার বোন কারিশমা কাপুরও মন্তব্য করেন, ‘অপেক্ষা করতে পারছি না।’
কারিনা ও শাহরুখ এর আগে ‘কাভি খুশি কাভি গম’, ‘আশোকা’ ও ‘রা ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ফলে দীর্ঘদিন পর তাদের আবারও পর্দায় একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এতে আরও রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অর্জুন কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
কারিনার জন্মদিনের পোস্টের পর এখন সিনেমাটিতে তার উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে সম্ভাব্য নাচের দৃশ্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।





