মুম্বাই হামলার ভয়াবহতা নিয়ে নির্মিত হয়েছে যত সিনেমা

হামলায় পুড়ছে মুম্বাইয়ের হোটেল তাজ মহল। ছবি: রয়টার্স
ভারতের বাণিজ্য নগরী মুম্বাই শহরে সশস্ত্র হামলার ১৮ বছর আজ। ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতের অন্ধকারে আরব সাগর পাড়ি দিয়ে মুম্বাইয়ের উপকূলে নেমে আসে সশস্ত্র ১০ তরুণ; যারা মুহূর্তেই প্রাণবন্ত শহরটিকে এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে পরিণত করে। পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) প্রশিক্ষিত এই হামলাকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, নারিমান হাউস এবং ঐতিহ্যবাহী তাজমহল প্যালেস ও ওবেরয় ট্রাইডেন্ট হোটেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় একযোগে নির্বিচার গুলি ও গ্রেনেড হামলা চালায়।
দীর্ঘ ৬০ ঘণ্টার এই রুদ্ধশ্বাস জিম্মিদশা ও রক্তক্ষয়ী তাণ্ডবে পৌনে দুই কোটি মানুষের ব্যস্ত শহরটি পুরোপুরি অচল হয়ে পড়ে। প্রাণ হারান দেশি-বিদেশি নাগরিকসহ অন্তত ১৬৬ জন। আহত হন আরও তিন শতাধিক। ভারতীয় নিরাপত্তা বাহিনী ও এনএসজি কমান্ডোদের টানা অভিযানে হামলাকারীরা নিহত হওয়ার মধ্য দিয়ে অবসান ঘটে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও পরিকল্পিত এই সন্ত্রাসী হামলার।
মুম্বাই হামলা নিয়ে বলিউড ও অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মাণ করা হয়েছে বেশ কিছু চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ওয়েব সিরিজ। বাছাই করা কিছু সিনেমার সংক্ষিপ্ত রিভিউ দেওয়া হলো।
হোটেল মুম্বাই
২০০৯ সালের তথ্যচিত্র ‘সারভাইভিং মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘হোটেল মুম্বাই’ চলচ্চিত্রে ২০০৮ সালের ২৬ নভেম্বরের (২৬/১১) ভয়াবহ তাজ মহল হোটেল হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। নবাগত পরিচালক অ্যান্থনি মারাস হোটেলের ভেতরের সেই নৃশংসতা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন।
গোপনীয়তার স্বার্থে শেফ হেমন্ত ওবেরয় (অনুপম খের) ছাড়া বাকি চরিত্রগুলো কাল্পনিক রাখা হয়েছে। দেব প্যাটেল (অর্জুন), অনুপম খের, আর্মি হ্যামার এবং নাজানিন বনিয়াদির অসাধারণ অভিনয় দর্শকদের প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা ও আতঙ্কের মধ্যে রাখে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ডিজাইন দারুণ, যা দর্শকদের সরাসরি সেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
তবে সিনেমাটিতে কিছু নাটকীয় দৃশ্য কাহিনীর স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত করেছে এবং শেষ দৃশ্যের আগ পর্যন্ত হামলাকারীদের সম্পর্কে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। তা সত্ত্বেও, চরম বিপর্যয়ের মুখে ‘অতিথি দেব ভব’ নীতিতে অটল থেকে হোটেল কর্মীদের অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের গল্প এটিকে এক অত্যন্ত আবেগঘন ও রোমহর্ষক চলচ্চিত্রে পরিণত করেছে।
‘দ্য অ্যাটাকস অব ২৬/১১’
হাতে মুম্বাই শহরের রক্তাক্ত ও বিভীষিকাময় সেই রাতের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালক রাম গোপাল ভার্মার পক্ষ থেকে নিহতদের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য।
ডকুমেন্টারি ধাঁচের প্রথমার্ধে জয়েন্ট পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার চরিত্রে নানা পাটেকর লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, তাজমহল হোটেল এবং সিএসটি স্টেশনে ঘটা নৃশংস হত্যাযজ্ঞের বর্ণনা দেন। মুম্বাই পুলিশের সাহসিকতায় কাসাবকে (সঞ্জীব জয়সওয়াল) জীবিত ধরার দৃশ্যসহ বেশ কিছু অংশ অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে।
‘ফ্যান্টম’
হুসেন জাইদির ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’ বইয়ের ওপর ভিত্তি করে পরিচালক কবির খান নির্মিত ‘ফ্যান্টম’ চলচ্চিত্রে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারীদের ওপর গোপনে প্রতিশোধ নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে।
কাহিনীতে দেখা যায়, কোর্ট-মার্শাল হওয়া এক প্রাক্তন সেনা কর্মকর্তা দানিয়াল খানকে (সাইফ আলি খান) নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার শর্তে একটি গোপন অভিযানে নিয়োগ দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। সরকারি অনুমতির তোয়াক্কা না করেই বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ২৬/১১ হামলার চার মূল হোতাকে ‘দুর্ঘটনাবশত’ হত্যা করার মিশনে নামেন তিনি, যেখানে তার সঙ্গী হন এজেন্ট নাওয়াজ মিস্ত্রি (ক্যাটরিনা কাইফ)।
থ্রিলার হিসেবে সিনেমাটির কাহিনী কিছুটা অতি-সরলীকৃত মনে হলেও এর চাকচিক্য বড় পর্দায় বেশ আকর্ষণীয়। সাইফ আলি খান ও জিশান আইয়ুবের অভিনয় বেশ সাবলীল, আর গ্ল্যামার যোগ করেছেন ক্যাটরিনা কাইফ।
‘মেজর’
শশী কিরণ টিক্কা পরিচালিত ‘মেজর’ শুধু মুম্বাই হামলায় শহীদ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণানের বীরত্বের গল্প নয়, বরং একজন সৈনিকের পাশাপাশি তার পরিবার ও স্ত্রীর নীরব আত্মত্যাগের প্রতি এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। সিনেমাটিতে সন্দীপকে শুধু একজন শহীদ হিসেবে নয়, বরং একজন রক্ত-মাংসের সাধারণ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে।
নাম ভূমিকায় আদিভি শেষ তার জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন। সন্দীপের মা-বাবার চরিত্রে প্রকাশ রাজ ও রেবতীর অভিনয় অত্যন্ত বাস্তবসম্মত ও হৃদয়বিদারক, এ ছাড়া সাই মাঞ্জরেকার ও শোভিতা ধুলিপালাও নিজ নিজ চরিত্রে বেশ সাবলীল। সিনেমার সিনেমাটোগ্রাফি, অ্যাকশন দৃশ্য এবং নন-লিনিয়ার চিত্রনাট্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে।
তবে কিছু দৃশ্যে সংলাপ ও আবহসংগীত অতিরিক্ত আবেগপ্রবণ মনে হতে পারে এবং ২৬/১১-এর ঘটনাপ্রবাহ উপস্থাপনে কিছুটা কাল্পনিক স্বাধীনতা নেওয়া হয়েছে।
‘তাজমহল’
মুম্বাই হামলার পটভূমিতে নির্মিত ফরাসি পরিচালক নিকোলাস সাদার চলচ্চিত্র ‘তাজমহল’-এ ভয়াবহ এই সন্ত্রাসী হামলাকে অত্যন্ত ভিন্ন ও পরোক্ষ দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।
গল্পে দেখা যায়, ফরাসি বাবার চাকরিসূত্রে ১৮ বছর বয়সী তরুণী লুইস (স্টেসি মার্টিন) তার মা-বাবার সঙ্গে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজমহল হোটেলে ওঠে। হামলার রাতে মা-বাবা বাইরে ডিনারে গেলে লুইস হোটেলের কক্ষে একাই আটকা পড়ে এবং বাথরুমে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। হামলার ভয়াবহতা বোঝাতে সিনেমাটিতে বাস্তব ঘটনার ভিডিও ফুটেজও ব্যবহার করা হয়েছে।
‘ওয়ান লেস গড’
‘ওয়ান লেস গড’ চলচ্চিত্রটিতে হামলাকারী সন্ত্রাসী এবং হোটেলে আটকে পড়া অতিথি— এই দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাল্পনিকভাবে গল্পটি তুলে ধরা হয়েছে।
নবাগত পরিচালক লিয়াম ওয়ার্থিংটন বাইরের বাস্তব ফুটেজের সঙ্গে হোটেলের ভেতরের শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলো মিশিয়েছেন। গল্পে আইরিশ নাগরিক শন, তুর্কি ভাইবোন সেলিম ও এদা, এক অস্ট্রেলীয় ইহুদি দম্পতি এবং অন্য কক্ষে আটকে পড়া এক বৃদ্ধ দাদু ও তার নাতনি আতিয়ার বেঁচে থাকার লড়াই দেখানো হয়েছে। নির্দিষ্ট কোনো একক নায়ক না থাকায় শেষ পর্যন্ত কে বাঁচবে তা অনুমান করা কঠিন, যা সিনেমায় টানটান উত্তেজনা বজায় রাখে। বিশেষ করে দাদু ও নাতনির সম্পর্ক এবং অপেক্ষাকৃত নতুন অভিনয়শিল্পীদের দক্ষ অভিনয় ও সিনেমাটোগ্রাফি দর্শকদের মন ছুঁয়ে যায়।
তথ্যচিত্র ও ওয়েব সিরিজ
মুম্বাই হামলা নিয়ে সিনেমা ছাড়াও নির্মিত হয়েছে বেশ কিছু তথ্যচিত্র ও ওয়েব সিরিজ। এর মধ্যে আছে মুম্বাই ডায়েরিজ ২৬/১১, টেরর ইন মুম্বাই (২০০৯), সার্ভাইভিং মুম্বাই (২০০৯) উল্লেখযোগ্য।









