খোলামেলা গাউনে মাতৃত্বের চিহ্ন, মীরা রাজপুতের প্রশংসায় নেটদুনিয়া

মীরা রাজপুত
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নায়িকা বা তারকা-পত্নীরা যেখানে নিজেদের নিখুঁত ‘জিরো ফিগার’ আর দাগহীন ত্বক দেখাতে ব্যস্ত, সেখানে এক ব্যতিক্রমী ও সাহসী নজির গড়লেন বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত।
সম্প্রতি ‘দ্য আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে রয়্যাল ব্লু রঙের একটি আকর্ষণীয় কাট-আউট গাউনে হাজির হয়েছিলেন তিনি। আর সেই পোশাকে কোনো রাখঢাক না রেখেই গর্বের সঙ্গে মেলে ধরলেন নিজের পেটের ‘স্ট্রেচ মার্কস’ যা মুহূর্তেই জয় করে নিয়েছে লাখো নেটিজেনের হৃদয়।
সাধারণত ক্যামেরার সামনে আসার আগে মেকআপ বা পোশাকের আড়ালে শরীরের এই স্বাভাবিক দাগগুলো লুকানোর চেষ্টাই করেন বেশিরভাগ তারকা। কিন্তু দুই সন্তানের মা মীরা হেঁটেছেন সম্পূর্ণ উল্টো পথে।
কাট-আউট গাউনের ফাঁক দিয়ে তার মাতৃত্বের সেই চিরচেনা চিহ্ন স্পষ্ট হয়ে উঠলেও, বিন্দুমাত্র অস্বস্তি দেখা যায়নি তার চোখেমুখে; বরং আত্মবিশ্বাসে ঝলমল করছিলেন তিনি।
মীরার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে যায়। বিশেষ করে নারীরা তার এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এক ভক্ত আবেগঘন মন্তব্যে লিখেছেন, ‘তার জন্য ভীষণ গর্ব হচ্ছে। এগুলো কোনো খুঁত নয়, বরং প্রতিটি নারীর সৌন্দর্যের চিহ্ন।’
আরেকজন লিখেছেন, ‘এগুলো স্ট্রেচ মার্কস নয়, এগুলো হলো বাঘিনীর ডোরাকাটা দাগ।’ কেউ কেউ আবার একে ‘মাতৃত্বের আসল শক্তি’ বলে আখ্যা দিয়েছেন।
২০১৫ সালে শহিদ কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মিশা ও জেইন নামে দুই সন্তানের মা হন মীরা। সিনেমার পর্দায় অভিনয় না করলেও, একজন সফল উদ্যোক্তা ও লাইফস্টাইল আইকন হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।
এবার শরীরের স্বাভাবিক পরিবর্তনকে সাদরে গ্রহণ করার বার্তা দিয়ে আরও একবার প্রমাণ করলেন, আত্মবিশ্বাসই একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য।




