মেয়েকে আড়ালে রাখার কারণ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

মেয়ে মালতি মেরির সাথে প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড থেকে হলিউড সবখানেই প্রিয়াঙ্কা চোপড়া এক পরিচিত নাম। তবে নিজের চেয়েও এখন তিনি বেশি চিন্তিত তার মেয়ে মালতি মেরিকে নিয়ে। সম্প্রতি এক পডকাস্টে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কেন তিনি তার মেয়েকে পাপারাজ্জি আর ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে সরিয়ে রাখছেন।
প্রিয়াঙ্কা জানান, একবার এক ব্যক্তি স্কুল থেকে মালতির পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছিল এবং লুকিয়ে তার ভিডিও রেকর্ড করছিল। এই ঘটনার পরই প্রিয়াঙ্কা ও নিক জোনাস সিদ্ধান্ত নেন যে মেয়ের নিরাপত্তার জন্য তারা বাড়তি রক্ষী নিয়োগ করবেন। প্রিয়াঙ্কা বলেছেন, “আমি পাবলিক লাইফ বেছে নিয়েছি, কিন্তু আমার মেয়ে এখনো সেই সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আমি চাই সে সাধারণ মানুষের মতো বড় হোক এবং মানুষের প্রতি তার মনে যেন কোনো ভয় তৈরি না হয়।”
প্রিয়াঙ্কার মতে, ডিজিটাল যুগে কারো সম্মতি ছাড়া ভিডিও করা একটি বড় সমস্যা। তিনি চান তার মেয়ে যেন বড় হয়ে নিজেই ঠিক করতে পারে সে কি সবার সামনে আসতে চায় নাকি আড়ালে থাকতে চায়। প্রিয়াঙ্কা আরও যোগ করেন, ‘মালতিকে নিয়ে মানুষের কৌতূহল থাকাটা ভালো, কিন্তু তার নিরাপত্তা আমার কাছে সবকিছুর উপরে।’
প্রিয়াঙ্কার ভক্তদের জন্য বড় খবর হলো, দীর্ঘ বিরতির পর তিনি ভারতীয় সিনেমায় ফিরছেন। এসএস রাজামৌলির ১০০০ কোটি রুপির প্রজেক্ট 'বারাণসী' এ তাকে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এছাড়া হলিউডে তার অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনের শুটিং নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

