দায়িত্বে বাধার অভিযোগ তুলে পদ ছাড়লেন জাকসুর সাংস্কৃতিক সম্পাদক

মহিবুল্লাহ শেখ জিসান
রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান।
আজ রবিবার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তাতে জিসান লিখেছেন, কোনো রাজনৈতিক দল, সংগঠন বা প্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে তার সঙ্গে সমন্বয় না করে সিদ্ধান্ত নেওয়া ও পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক প্রভাবের কারণে তিনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে তাকে বাধ্য করা হয়। এতে পরে হট্টগোলের সৃষ্টি হয়। ওই ঘটনার জন্য মঞ্চে তাকে দুঃখ প্রকাশ করতেও চাপ দেওয়া হয়েছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
পদত্যাগপত্রে মহিবুল্লাহ শেখ জিসান লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজের নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে পদে থাকা তার পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের স্বার্থ ও নিজের নীতি রক্ষায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, মহিবুল্লাহ নিজে এসে পদত্যাগপত্র জমা দেননি। অন্য মাধ্যমে তা পাঠিয়েছেন। তার অনেক অবদান রয়েছে এবং তিনি দায়িত্বও সুন্দরভাবে পালন করেছেন। কোনো অভিমান থেকে মহিবুল্লাহ এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে তার সঙ্গে বসে কথা বলতে চান। তিনি চান না মহিবুল্লাহ পদত্যাগ করুন।




