আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে (পুরনো বাণিজ্য মেলার মাঠ) সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুরে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে তারা সিগন্যাল অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
গবেষণা মাঠ রক্ষা ও সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার একই সিগন্যাল অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিন প্রায় ২০ মিনিটের অবরোধে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। কৃষি শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।




