জবিতে ককটেল বিস্ফোরণের মামলায় ৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা

জবি ছাত্রলীগ নেতা রেজওয়ান আহম্মেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। পরে উত্তেজিত জনতার মারধরে আহত হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা করেন। বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।



