স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা: সালাহউদ্দিন আম্মার

‘সরকারি চাকরিতে ভেরিফিকেশনের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের অবৈধভাবে বাদ দেওয়ার প্রতিবাদে’ মানববন্ধনে কথা বলছেন রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একমাত্র লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
তার অভিযোগ, একটি মন্ত্রণালয় চাইলে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো সেটিকে দুর্বল করার পথেই এগোচ্ছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাকসুর উদ্যোগে আয়োজিত ‘সরকারি চাকরিতে ভেরিফিকেশনের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের অবৈধভাবে বাদ দেওয়ার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে সালাহউদ্দিন আম্মার বললেন, ‘সরকার প্রতিটি ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির পরিবেশ তৈরি করেছে। গত সাত মাসে সরকারের এমন কোনো কাজ নেই, যার বিরুদ্ধে ছাত্রসমাজ কথা বলেনি।’
ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের ছাত্রসংগঠনের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ তৈরি করা।’
চাকরির ভেরিফিকেশন প্রসঙ্গে তিনি বললেন, ‘যদি ভেরিফিকেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে চাকরির পরীক্ষার আগেই দেখে নিন কে কোন রাজনৈতিক মতাদর্শের। পরে উত্তীর্ণদের বাতিল করার কোনো যৌক্তিকতা নেই।’
মানববন্ধনে রাকসুর নেতারা, বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা এবং শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



