চীনে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলা এ সফরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
প্রতিনিধি দলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিমসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সফরকালে প্রতিনিধি দল সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ গুয়াংজুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। এসব সফরে অ্যাকাডেমিক মতবিনিময়, আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি চীনের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন চর্চা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহাসিক দর্শনীয় স্থানও পরিদর্শন করবেন। ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ সফরের আয়োজন করেছে।



