দেশে প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।
কর্মশালায় শিক্ষাব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক মামুন বললেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি বলছিলেন, ‘বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। এর জন্য ইতোমধ্যে সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।’
তিনি জানালেন, এই প্রশিক্ষণকেন্দ্র শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। যাতে তারা একটি সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পান।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।
আইকিউএসি আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।



