ইউজিসি চেয়ারম্যান
সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বক্তব্য রাখছেন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা পূরণ এবং দেশের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
গতকাল মঙ্গলবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি দেওয়া কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে গবেষণার ফল বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে।
২০০৩ সালে দুটি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি অনুষদ ও ১৭টি বিভাগ রয়েছে। অল্প সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবদানের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সংযোগ বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও গবেষকদের ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান।



