উগ্রবাদ ও সামাজিক বিভাজন মোকাবিলায় গবেষণার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সহিংস উগ্রবাদ মোকাবিলায় মানবকেন্দ্রিক ও প্রমাণভিত্তিক নীতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণার লক্ষ্য শুধু গবেষণাপত্র প্রকাশ, উদ্ধৃতি বাড়ানো কিংবা গবেষকের ব্যক্তিগত ও পেশাগত প্রোফাইল সমৃদ্ধ করা নয়। মানুষের জীবন ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে গবেষণার ফল কাজে লাগলেই এর প্রকৃত সার্থকতা।
তিনি বললেন, উগ্রবাদ ও অসহিষ্ণুতাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। এর পেছনে থাকা সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কারণ অনুসন্ধান করতে হবে। এ জন্য বিভিন্ন শাখার গবেষকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে বিভিন্ন ধর্ম, বিশ্বাস ও সামাজিক পটভূমির শিক্ষার্থীদের মধ্যে সংলাপের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি মত দেন, এ ধরনের চর্চা শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
তরুণ গবেষকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বললেন, সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন মানসম্পন্ন গবেষণা প্রকল্প নিয়ে এগিয়ে এলে ইউজিসি অর্থায়নে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় বড় না ছোট কিংবা পুরোনো না নতুন—তা বিবেচনায় নেওয়া হবে না; প্রকল্পের মান ও গবেষকদের সক্ষমতার ভিত্তিতেই অর্থায়ন দেওয়া হবে।
ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব ও বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গর্ডন ক্লাব মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম।





