ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সলিডওয়ার্কস বুটক্যাম্প শুরু

সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের ব্যবহারিক প্রকৌশল দক্ষতা বাড়াতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ ও মেকাট্রনিক্স প্রকৌশল ক্লাবের যৌথ উদ্যোগে ‘পেশাদার সলিডওয়ার্কস বুটক্যাম্প’ শুরু হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া দুই মাসের এ প্রশিক্ষণ কার্যক্রমে মোট ২৪টি শ্রেণি অনুষ্ঠিত হবে। এতে প্রকৌশল ও পণ্য নকশায় ব্যবহৃত সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে ত্রিমাত্রিক নকশা ও যান্ত্রিক নকশার ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহান মাহবুব ও শিক্ষক উপদেষ্টা আহমেদ ফারহানের তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন সলিডওয়ার্কসের সনদপ্রাপ্ত প্রশিক্ষক রায়হান আহমেদ মুন্না এবং রোটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নকশাবিদ সায়মুর রহমান।
প্রশিক্ষণে নকশার প্রাথমিক ধারণা, যন্ত্রাংশের নকশা, সমন্বিত নকশা ও একটি চূড়ান্ত প্রকৌশল প্রকল্প তৈরির বিষয়ে হাতে-কলমে শেখানো হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তব প্রকৌশল কাজে প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
বুটক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি কার্যক্রমে সেরা তিনজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের শিল্পক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা করছেন।



