ভিক্টোরিয়া কলেজের ’৯০ ব্যাচের ‘বন্ধু মিলনমেলা’

ছবি: আগামীর সময়
‘বন্ধুত্বের টানে এসো মিলি এক প্রাণে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১৯৯০ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ‘বন্ধু মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা জেলার কোটবাড়ীর ম্যাজিক প্যারাডাইস প্রাঙ্গণে এই মিলনমেলা আয়োজন করা হয়।
সকাল থেকেই কোটবাড়ীর সালমানপুর এলাকার ম্যাজিক প্যারাডাইস চত্বরে জড়ো হতে থাকেন দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধুরা। অনেক দিন পর কাছের মানুষগুলোকে কাছে পেয়ে আড্ডা, কুশল বিনিময় ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
‘খাদির ভুবনে, রসমালাইয়ের শহরে’ শীর্ষক বার্তার মধ্য দিয়ে চিরচেনা ক্যাম্পাস ও শৈশব-কৈশোরের স্মৃতিময় দিনগুলোকে নতুন করে প্রাণ দেওয়া হয়।
মেজর রিয়াদের স্মৃতি চারণ ও চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে বক্তব্য ও আলোচনা পর্বে অংশ নেন আয়োজক ও ব্যাচের প্রতিনিধিরা।
তাদের মধ্যে উল্লেখযোগ্য আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া, প্রফেসর কল্লোল, রিপন, তৌহিদ মুন্সী, অজয়, জুয়েল, ওসি আরিফ, এডভোকেট আ: সাত্তার, ব্যাংকার রিয়াদ প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজনে আহ্বায়ক এম এ মতিন এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার তারিকুল হাসান তারেক।
সবুজ প্রকৃতি ও বিনোদনের নানা আয়োজনের মাঝে চলে বন্ধুদের এই মিলন উৎসব। আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



