এবার ডাকসু সংগ্রহশালার দেওয়ালে গোলাম আযমকে জুতাপেটার ছবি

১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা ছবি সাঁটানো হয়েছে ডাকসু সংগ্রহশালা দেওয়ালে। ছবি: ছাত্র ফেডারেশনের জাহিদুল ইসলামের ফেসবুক পেজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালার দেওয়ালে এবার সাঁটানো হলো মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের জুতাপেটার ছবি। একই সংগ্রহশালায় প্রথমে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টানানো নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়। পরে সাবেক এক ছাত্র জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলেন। এরপর সেখানে গোলাম আযমের একটি ছবি টানানো হয়।
আজ সোমবার দুপুরে এই ছবিটি সাঁটানো হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।
সেই ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।
ছবি সাঁটানোর বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এটি মূলত ডাকসু সংগ্রহশালা। সংগ্রহশালাটি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’
তিনি বললেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখেছি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক যখন এখানে জিন্নাহর ছবি টানান তখন তিনি বলেছেন, তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’



