মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

ছবি: আগামীর সময়
রাজধানীর ইডেন মহিলা কলেজের মেইন গেটে ‘ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ’ লেখা মুছে ফেলার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (৯ মে) রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ। এ কারণে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান তারা।
এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে থাকা রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা অংশটি রং দিয়ে মুছে ফেলে কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে এবং পরে তা রূপ নেয় বিক্ষোভে।
কলেজের শিক্ষার্থী তামান্না জান্নাত বৃষ্টি আগামীর সময়কে জানান, কলেজের মেইন গেটে ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ’ সম্বলিত একটি লেখা মুছে ফেলে একদল শিক্ষার্থী। পরে সেটি তাদের নজরে আসে। এর প্রতিক্রিয়ায় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে শুরু করে রাবেয়া বসরী হলের শিক্ষার্থীরা। এরপর রাত বারোটার দিকে একে একে ছয়টি হল থেকেই কলেজের গেইট ভেঙে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন বাইরে। এ সময় কলেজ মিলনায়তনের সামনেসহ বিভিন্ন জায়গায় থাকা রাজনৈতিক ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।
এ ঘটনায় রাতভর ক্যাম্পাস এলাকায় ছিল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে।
তবে এ-বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




