প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভা। ছবি: আগামীর সময়
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে জ্ঞানচর্চা ও উৎকর্ষের কেন্দ্র।
আজ বুধবার ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করাও সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসেন।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা এবং রোবটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির ১৯তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।




