১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ কর্মসূচি

সংগৃহীত ছবি
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২০২৪ সালের ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে ‘নমরুদনামা’ শীর্ষক ব্যানারিং কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। ওই হামলা ছিল দীর্ঘ ১৭ বছরের গণরুম, গেস্টরুম, নিপীড়ন ও দখলদারিত্বের এক ভয়াবহ প্রতিচ্ছবি।
১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে সেই অধ্যায়ের অবসান ঘটে।
পোস্টে দাবি করা হয়, হামলাকারী, গণহত্যাকারী, তাদের সহযোগী এবং শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালানো ব্যক্তিদের বিচারের দাবিতে ক্যাম্পাসজুড়ে ‘নমরুদনামা’ শীর্ষক ব্যানারিং কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রাঙ্গণ থেকে কর্মসূচি শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




