গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে বৈঠকের উদ্যোগ নুরের

গলাচিপা-দশমিনায় পরিবহন নৈরাজ্য নিরসনে জেলা প্রশাসন, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবহন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। পাশাপাশি সাম্প্রতিক অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
স্ট্যাটাসে নুরুল হক নুর উল্লেখ করেন, গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিয়ে এলাকাবাসীর উদ্বেগের বিষয়টি তার নজরে এসেছে। এ সমস্যা সমাধানে জেলা প্রশাসক, গলাচিপা ও দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবহন নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
একই স্ট্যাটাসে তিনি অনুরোধ করেন, গত কয়েক দিনের অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিশেষ প্রতিনিধি আবু নাঈমের সঙ্গে যোগাযোগ করতে। তার ভাষ্য, সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।




