জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংগৃহীত ছবি
প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষার ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২১ অক্টোবর)। ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার প্রসার ও বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের উচ্চশিক্ষার ইতিহাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান চাপ হ্রাস এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজ-শিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী, বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রয়েছেন এক লাখেরও বেশি শিক্ষক। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। বর্তমানে এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন বলে জানা যায়।
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীর সময়কে বলেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের মূল ফটকে ও ভবনগুলো ব্যানার এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।



