ইউনেসকোর জিইএম প্রতিবেদনে তথ্য
প্রাথমিকে এগিয়ে বাংলাদেশ, পিছিয়ে উচ্চমাধ্যমিকে
- নিম্নমাধ্যমিকেও পাস ৭৪%, উচ্চমাধ্যমিকে ৩৮
- মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় বেশি
- ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য

সংগৃহীত ছবি
সরকারি-বেসরকারি নানা কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা খাতে। আগের চেয়ে অনেক বেশি হারে প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের স্তর অতিক্রম করছে শিক্ষার্থীরা। তবে যতই ওপরের দিকে উঠছে ততই কমছে পাসের হার। এই অগ্রগতিতে বিশেষ ভূমিকা রয়েছে মেয়েদের। তিন দশক ধরে অব্যাহত আছে ঊর্ধ্বমুখী ধারা। এই চিত্র উঠে এলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রতিবেদনে।
‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরেছে সংস্থাটি। সম্প্রতি প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘অ্যাক্সেস অ্যান্ড ইক্যুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আওতায় ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলেও বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে।
ইউনেসকো বলছে, বাংলাদেশে তিন দশকের বেশি সময়ে শিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে। এক্ষেত্রে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় বেশি। প্রাথমিক শিক্ষা শেষ করার হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৯০ শতাংশে পৌঁছেছে। নিম্নমাধ্যমিকে এ হার বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। তবে উচ্চমাধ্যমিকে তা ৩৮ শতাংশ। দীর্ঘমেয়াদি এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্যবিয়ে কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো আর্থসামাজিক পরিবর্তন।
১৯৯০-এর দশকে প্রাথমিক শিক্ষা সমাপনের হার ছিল বছরে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে। প্রাথমিকের পাশাপাশি নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হারও ১৯৯০ সালের ২৩ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এ হার ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে তুলনামূলক সাম্প্রতিক সময়ে। শিক্ষা সমাপনের হারের হিসাবে ১৯৯০-এর দশকে দক্ষিণ এশিয়া গড়ে যে গতিতে এগিয়েছে, তার ৪০ শতাংশ হারে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে এ হার ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৬০ শতাংশ। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চেয়ে দ্রুত এগিয়েছে।
২০২৪ সালে বাংলাদেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপনের হার আনুমানিক ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার ৫৭ শতাংশের তুলনায় এখনো পিছিয়ে। উচ্চমাধ্যমিক স্তরের বয়সী তরুণদের স্কুলের বাইরে থাকার হার ২০০৫ সালে ছিল ৭২ শতাংশ, যা ২০২৩ সালের মধ্যে দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৩ শতাংশের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-ব্যানবেইসের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে অর্ধেকে নেমে ২০২৩ সালে ২১ শতাংশ হয়েছে।
জাবিতে প্রজাপতি মেলা ২৭ নভেম্বর ২০২৬
ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা
শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় অনেক বেশি। ইউনেসকোর হিসাবে, ২০২৪ সালে নিম্নমাধ্যমিক স্তরের বয়সী কিশোরীদের মাত্র ৪ শতাংশ স্কুলের বাইরে ছিল, যেখানে কিশোরদের ক্ষেত্রে এই হার ১৫ শতাংশ। উচ্চমাধ্যমিক স্তরের বয়সীদের ক্ষেত্রেও ২০১০-এর দশকের শুরু পর্যন্ত নারী ও পুরুষের স্কুলবহির্ভূত হার প্রায় সমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যবধান ব্যাপক বেড়েছে।
২০২৪ সালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, এই স্তরে মেয়েদের তুলনায় ৮ শতাংশীয় পয়েন্ট বেশি তরুণ স্কুলের বাইরে রয়েছে; আর খানা জরিপভিত্তিক মডেলে এই ব্যবধান ১০ শতাংশীয় পয়েন্ট।
নারীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে বাংলাদেশের নারীদের অবস্থানের পরিবর্তন শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রেখেছে।
২০২২ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপ (ডিএইচএস) অনুযায়ী, দেশে ৪০-৪৪ থেকে শুরু করে ৬০-৬৪ বছর বয়সী প্রতিটি শ্রেণির নারীদের মধ্যেই ১৮ বছরের আগে বিয়ের হার ৬০ শতাংশের ওপরে স্থির ছিল। তবে পরবর্তী প্রজন্মে তা প্রতি বছর ১ শতাংশীয় পয়েন্ট করে কমে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি (এফএসএসএপি) এবং বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে নেওয়া ঝরে পড়া শিশুদের জন্য ‘রস্ক’ (আরওএসসি) প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৮ হাজারে উন্নীত হয়েছে এবং শিক্ষার্থী সংখ্যা ১০ গুণ বেড়ে ১৩ লাখে পৌঁছেছে, যাদের তিন-চতুর্থাংশই ছেলে। তবে শিক্ষার সুযোগ বাড়াতে গিয়ে মানের সঙ্গে আপস করা হয়েছে বলে সমালোচনা রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে ইউনেসকো বলেছে, উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ফল জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে।




