বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন জাপানের মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতো।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমোবাইল, জাহাজ পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জ্বালানির মতো উদীয়মান ও উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন।
গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাইউকি ওমোতো এই আগ্রহের কথা জানান।
বৈঠকে বিদ্যমান প্রকল্পগুলোর আধুনিকায়নের পাশাপাশি যৌথ উদ্যোগে উচ্চমূল্যের প্রযুক্তি ও উৎপাদনমুখী খাতে নতুন বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সার উৎপাদন খাতে মারুবেনির সিইও কাফকোর আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার এবং ডিএপি ও টিএসপি সার উৎপাদনে নতুন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব তুলে ধরেন।



