৩১ ডিসেম্বরের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ

সংগৃহীত ছবি
তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ সম্পন্ন করার সুযোগ পাবে।
গতকাল রবিবার বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেছেন, ‘তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান করপোরেট গভর্ন্যান্স কোডের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বিভিন্ন কোম্পানির বাস্তব পরিস্থিতি ও অনুরোধ বিবেচনায় নিয়ে কমিশন এ সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’
সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা এক নির্দেশনায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ওই বছরের ৩১ ডিসেম্বর।




