স্টার্টআপে মিলবে ৫০ লাখ টাকা অনুদান
- নীতিমালা জারি

প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর ব্যবসা বা স্টার্টআপগুলোকে পর্যায়ভেদে ১ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হবে। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে অনুমোদিত অর্থ এককালীন বা নগদে দেওয়া হবে না। নির্ধারিত কর্মসম্পাদন সূচক (কেপিআই) ও নির্দিষ্ট মাইলস্টোন অর্জনের ভিত্তিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কিস্তিতে অনুদানের টাকা উদ্যোক্তাদের ব্যাংক হিসাবে জমা হবে। দেশে উদ্ভাবনভিত্তিক উদ্যোগ বিকাশের লক্ষ্যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ প্রণীত এ নীতিমালায় বলা হয়েছে, নতুন উদ্যোগের প্রাথমিক ধারণার জন্য ১ থেকে ৩ লাখ এবং প্রোটোটাইপ বা ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) পর্যায়ে ৩ থেকে ১০ লাখ টাকা অনুদান মিলবে। তবে ব্যক্তিপর্যায়ে আবেদনকারীর ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৫ লাখ টাকা হবে। ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিং হিসেবে ১০ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হবে, যা বিশেষ বিবেচনায় ৫০ লাখ পর্যন্ত হতে পারে। চুক্তি সম্পাদনের পর প্রথম কিস্তিতে ৪০ থেকে ৫০ শতাংশ, মাইলস্টোন অর্জনে ২৫ থেকে ৩০ এবং চূড়ান্ত প্রতিবেদন অনুমোদনের পর বাকি ২৫ থেকে ৩০ শতাংশ অর্থ ছাড় করা হবে।
অনুদান পেতে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক অথবা নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) হতে হবে। বিদ্যমান প্রতিষ্ঠিত ব্যবসা পুনর্গঠন করে নতুন প্রতিষ্ঠান গঠন করলে স্টার্টআপ হিসেবে অনুদান পাওয়া যাবে না। এ ছাড়া অস্ত্র, মাদক, জুয়া, পর্নোগ্রাফি বা অবৈধ আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো উদ্যোগ অনুদান পাবে না। ঋণখেলাপি, দেউলিয়া ঘোষিত ব্যক্তি এবং একই প্রকল্পের জন্য একাধিক সরকারি অনুদান গ্রহীতারা অনুদানপ্রাপ্তির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।
অনুদান প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সরকার একটি একীভূত জাতীয় স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে। অনুদান অনুমোদনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, রোবোটিকস, ডিপ টেক, সাইবার নিরাপত্তা, ফিনটেক ও কৃষিপ্রযুক্তির মতো খাত অগ্রাধিকার পাবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোগগুলো অনুদান মূল্যায়নে বিশেষ সুবিধা পাবে।
কারিগরি সক্ষমতা, বাজার সম্ভাবনা এবং উদ্ভাবনের নতুনত্বের মতো ১০০ নম্বরের সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পিচিং এবং কারিগরি মূল্যায়ন কমিটি আবেদনগুলো যাচাই করবে। চূড়ান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান আইসিটি বিভাগের সচিব এবং ৩০ থেকে ৫০ লাখ টাকার অনুদান অনুমোদন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী। উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তুতির জন্য স্টার্টআপ মেন্টর প্যানেল গঠন করে মেন্টরিং সেবা দেওয়া হবে।
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে নীতিমালায় কঠোর আর্থিক নিরীক্ষার শর্ত রয়েছে। অনুদানের অর্থ দিয়ে জমি বা ভবন ক্রয়, বিলাসবহুল যানবাহন, সম্পদ বৃদ্ধি বা ঋণ পরিশোধ সম্পূর্ণ নিষিদ্ধ। অনুদানগ্রহীতাকে প্রকল্প সমাপ্তির পর কমপক্ষে পাঁচ বছর আর্থিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। চুক্তির শর্ত ভঙ্গ বা অর্থের অপব্যবহার প্রমাণিত হলে সরকার অনুদান পুনরুদ্ধার করতে পারবে। অনুদান ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ থাকলে আইসিটি বিভাগের অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।



