সার্ভার জটিলতা
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

গ্রাফিকস: আগামীর সময়
অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আরও ছয় দিন বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
আজ সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মোসা. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৬ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতাদের পক্ষে চলতি বছরের অক্টোবরের কর অনলাইন রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলে ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে করদাতাদের সুবিধা ও জনস্বার্থ বিবেচনায় রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বৃদ্ধি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত করদাতারা কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অক্টোবর মাসের রিটার্ন দাখিল করতে পারবেন।



