বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার এডিবির

ফাইল ছবি
দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের ঢাকা সফর শেষে এমন অঙ্গীকারের কথা জানানো হয়েছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, গত ১৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। দলে ছিলেন এডিবির বাজার উন্নয়ন ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিভাগের প্রধান তাকেও কোইকে এবং বেসরকারি খাত কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।
প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।



