গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুলের ব্যাংক হিসাব জব্দ

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে সহিংস আন্দোলনে অর্থায়ন ও অস্থিরতায় মদদ দেওয়ার অভিযোগে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে আরও ৯৬ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক ও এনবিআরের একাধিক কর্মকর্তা।
রাজস্ব বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা এসব ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তালিকায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের ৯৭ ব্যক্তি করদাতা এবং আবাসন ও পরিবহন খাতসহ চারটি কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, ‘এ পর্যন্ত যাদের ব্যাংক হিসাবের লেনদেনে অনিয়ম পাওয়া গেছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়বে। খুব দ্রুত আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে।’
সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ছাড়াও যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, তার স্ত্রী আশরাফুন নাহার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন), টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের আওয়ামীপন্থী চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেনের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, তল্লাশি ও জব্দের আওতায় আসা ৯৭ ব্যক্তির মধ্যে কোটালীপাড়ার বাসিন্দা ৩২, কাশিয়ানীর ১৯, সদরের ১৭, টুঙ্গিপাড়ার ১৫ এবং মুকসুদপুরের ১৪ জন।
চার প্রতিষ্ঠান করদাতার মধ্যে একটি আবাসন খাতের এবং আরেকটি পরিবহন খাতের প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাবের লেনদেন বিশ্লেষণের মাধ্যমে আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শীর্ষ ব্যবসায়ীসহ ২০৪ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর।



