২১ হাজার কোটি টাকায় ২০ বছরের তরঙ্গ চুক্তি সরকারের
- নতুন নীতিমালায় ১৫-এর পরিবর্তে ২০ বছরের বরাদ্দে শর্ত
- বকেয়া ভ্যাট-কর পরিশোধ না করলে মিলবে না, নো-ডিউজ সার্টিফিকেট

গ্রাফিকস: আগামীর সময়
রেকর্ড ২১ হাজার ২৩৮ কোটি টাকায় দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের অনুকূলে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়নের অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন নীতিমালার আলোকে ১৫ বছরের পরিবর্তে ২০ বছর মেয়াদের এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়। তবে কড়া শর্ত দেওয়া হয়েছে— এনবিআরের বকেয়া ভ্যাট-কর পরিশোধ না করলে মিলবে না নো-ডিউজ সার্টিফিকেট (বকেয়া নেই মর্মে সনদ)।
বিশ্লেষকদের মতে, কিস্তির নমনীয় সুযোগ আর দীর্ঘমেয়াদি এই চুক্তির ফলে সরকারের কোষাগার সমৃদ্ধ হবে, অন্যদিকে ফাইভজি ও উন্নত ফোরজি সেবায় বড় বিনিয়োগে নামবে অপারেটররা।
এর আগে ২০০৮ সালে মোবাইল ফোন কোম্পানিগুলোকে ১৫ বছরের জন্য তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল। গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের অনুকূলে বরাদ্দ ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে গত ১০ নভেম্বর। ওই সময় টাকার অঙ্ক ছিল ৯ হাজার ৭৪৯ কোটি। সে হিসাবে এবার রেকর্ড রাজস্ব আদায় হবে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। তবে আগে ১৫ বছরের জন্য তরঙ্গ ব্যবহারের চুক্তি হলেও এবার ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’-এর আওতায় তা বাড়িয়ে ২০ বছর করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘমেয়াদে (২০ বছর) তরঙ্গ ব্যবহারের অধিকার দেওয়ায় আগামীতে ফাইভজি বা উন্নত ফোরজি প্রযুক্তিতে আরও বড় অঙ্কের বিনিয়োগ করতে উৎসাহিত হবে মোবাইল অপারেটররা। এতে গ্রাহকরা পাবেন ভালো ইন্টারনেট ও কলের গুণগত সেবা।
অর্থমন্ত্রীর কাছে পাঠানো তরঙ্গ নবায়নের প্রস্তাবে বলা হয়, ২০ বছর মেয়াদে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়ন হবে। এর মধ্যে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের মূল্য ধরা হয়েছে ৩১৬ কোটি টাকা। এই তরঙ্গের দেয়াল বা বাধা ভেদ করার ক্ষমতা সবচেয়ে বেশি। ঘরের ভেতরে ভালো নেটওয়ার্ক দিতে এবং গ্রামগঞ্জে দূরদূরান্তে সিগন্যাল পাঠাতে সবচেয়ে কার্যকর। এজন্য এই ব্যান্ডের চাহিদা ও দাম সবচেয়ে বেশি।
এ ছাড়া ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের (মাঝারি) মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৪ কোটি টাকা। এটি ভয়েস কল এবং ফোরজি ইন্টারনেটের মূল ভারসাম্য বজায় রাখে। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের (কম দামি) মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৯ কোটি টাকা। এটি মূলত শহরাঞ্চলে উচ্চগতির ডেটা বা ইন্টারনেটের ধারণক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। কিন্তু এর সিগন্যাল বেশি দূরে পৌঁছায় না বলে এর প্রতি মেগাহার্টজের দাম বাকি দুটির চেয়ে কম। সে হিসাবে ২১ হাজার ২৩৮ কোটি টাকা অনুমোদন করা যেতে পারে।
জানা গেছে, তরঙ্গের মূল্য নির্ধারণের আগে এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শক দিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনা করেছে অর্থ বিভাগ। সেখানে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক তরঙ্গ মূল্য নির্ধারণ পদ্ধতি এবং আঞ্চলিক দেশগুলোর তরঙ্গের মূল্য, জাতীয় জিডিপিতে তরঙ্গের প্রভাব, মোবাইল অপারেটরদের আর্থিক সক্ষমতা ও আয়-ব্যয়, বর্ধিত মোবাইল ইন্টারনেটের চাহিদা, ভবিষ্যৎ তরঙ্গের প্রয়োজনীয়তা এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপট।
এরপর বিশেষজ্ঞ পরামর্শক প্রতি ১৫ বছরের জন্য মোবাইল অপারেটরদের তরঙ্গ বরাদ্দের বিষয়টি বিবেচনায় রেখে সে অনুযায়ী মূল্যের প্রস্তাব করেছে।
অন্যদিকে, মোবাইল অপারেটরদের জন্য লাইসেন্সিং ব্যবস্থাকে অধিকতর ব্যবসাবান্ধব ও বিনিয়োগ-সহায়ক করার লক্ষ্যে সরকার ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। সেখানে লাইসেন্সের মেয়াদ ১৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছরে উন্নীতের বিধান রাখা হয়। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য মূল্য নির্ধারণ এবং নবায়নের শর্তাবলি ২০ বছরমেয়াদির প্রস্তাবে এগোচ্ছে সরকার।
অর্থ বিভাগ আরও জানায়, স্পেকট্রাম ব্যবস্থাপনা কমিটির সভায় মোবাইল অপারেটরদের ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের বিষয়টি সুপারিশ করেছে। তবে, স্বল্পসময়ের মধ্যে কমিটির পক্ষে স্পেকট্রামের মূল্য নির্ধারণ কিংবা দাখিল করা প্রতিবেদনের বিষয়ে সুপারিশ করা কঠিন। যে কারণে কমিটি তরঙ্গ নবায়নের ক্ষেত্রে কমিশন কর্তৃক উপযুক্ত মূল্য নির্ধারণপূর্বক নবায়নের সুপারিশ করেছে।
এদিকে অপারেটরদের টাকা পরিশোধের ক্ষেত্রে শর্ত সহজ করা হয়েছে। বিশেষ করে, এই অর্থ কিস্তিতে পরিশোধ করার সুযোগ রাখা হয়েছে। ১২টি কিস্তির জন্য ১০ দশমিক ৫ বছরমেয়াদি সূচি অনুসরণ করা যাবে। যেখানে এক বছরের মধ্যে যাবতীয় অর্থ পরিশোধ করলে কোনো সুদ আরোপিত হবে না। কিন্তু এক বছরের মধ্যে পরিশোধ না করলে পরবর্তী কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিনমেয়াদি সরকারি ট্রেজারি বিলের সমপরিমাণ ৮ দশমিক ১১ শতাংশ হারে সুদ আরোপ করা হবে।



