এনবিআরের নজর ই-বাণিজ্যে
- আলফা ই-শপে ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

সংগৃহীত ছবি
দেশে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসার প্রসারের পাশাপাশি বাড়ছে রাজস্ব ফাঁকির ঝুঁকিও। কারণ ডিজিটাল মাধ্যমে লেনদেন ও বিক্রয় তথ্য গোপন করে এসব অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, অনলাইন কল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পণ্য বিক্রির আড়ালে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মাঠপর্যায়ে জরিপ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা ভ্যাট গোয়েন্দা।
এরই ধারাবাহিকতায় অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান আলফা ই-শপে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ভ্যাট গোয়েন্দার দুটি টিম একযোগে রাজধানীর বনানী-১১ ও মিরপুর-১২ এলাকায় অবস্থিত আলফা ই-শপের দুটি শোরুমে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা নথিপত্র ও প্রাথমিক বিক্রয় তথ্য পর্যালোচনা করে ভ্যাট গোয়েন্দারা দেখতে পান, প্রতিষ্ঠানটি একাধিক মাধ্যমে পণ্য বিক্রি করে আসছে। অধিদপ্তরের প্রাথমিক পর্যালোচনায় এসব বিক্রয় কার্যক্রমের সঙ্গে ঘোষিত রাজস্বের অসংগতি পাওয়া যায়। জব্দ করা বাণিজ্যিক দলিলাদি বিশ্লেষণ করে প্রাথমিকভাবে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব পরিশোধে মৌখিক সম্মতি দেওয়া হয়েছে। তবে জব্দ করা নথিপত্রের বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান।
এনবিআর সদস্য (ভ্যাট অডিট) মো. মোয়াজ্জেম হোসেন আগামীর সময়কে বলেছেন, ‘অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমে লেনদেন ও বিক্রয় তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির ঝুঁকিও বাড়ছে। এ কারণে অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ে জরিপ ও অনুসন্ধান জোরদার করা হচ্ছে।’





