৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং

ছবি: আগামীর সময়
দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা গড়ে তোলা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আজ বুধবার ইনভেস্ট বাংলাদেশের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।
প্রস্তাবিত কারখানাটিতে ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটসহ ডেনিম উৎপাদন করা হবে। কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ বিনিয়োগের ফলে দেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে। পাশাপাশি ডেনিম উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ার মাধ্যমে দেশের রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। নিয়মিত যোগাযোগ, ফলোআপ ও বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রকল্পটি এগিয়ে নিতে ভূমিকা রেখেছে ইনভেস্ট বাংলাদেশ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।
বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস উপস্থিত ছিলেন।
অন্যদিকে ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।



