ডিএসইতে বড় পতন, কমল লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
বেশ কিছুদিন ধরে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের সূচক পতন দেখা গেছে। কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষকদের মতে, টানা উত্থানের পর বাজারে আজকের এই পতন মূলত একটি স্বাভাবিক মূল্য সংশোধন। বিনিয়োগকারীদের একাংশের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং শেয়ার বিক্রির চড়া চাপের কারণেই দিনশেষে সূচক ও লেনদেনে এই নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতন হয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং বাছাইকৃত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। দিনশেষে এখানে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৭ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগের দিন বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৪৮ পয়েন্টে। সিএসইতে ১৩৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়ে ৭৬টির দর বৃদ্ধি, ১৩৭টির দর হ্রাস এবং ২৬টির দর অপরিবর্তিত দেখেছে, যেখানে মোট ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
রবিবার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। দিনশেষে কোম্পানিটির মোট ২৬ কোটি ৮৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকা এবং ২৩ কোটি টির ৬৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল বিএসআরএম স্টিল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই ফর্মুলেশনস পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন বাজারে সবচেয়ে বেশি দর হারিয়ে পতনের শীর্ষে চলে গেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৮৫ শতাংশ কমেছে এবং দিনভর ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৬.৮৯ শতাংশ দর হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ৬.৪৫ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। সর্বোচ্চ দর হারানো অন্যান্য কোম্পানির মধ্যে জিল বাংলা সুগার মিলস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দান জুট, পিপলস ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্সের নাম রয়েছে।
বাজারের সামগ্রিক পতনের মধ্যেও সর্বোচ্চ ১০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে শতভাগ সফলতায় শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ফান্ডটির মোট ১ কোটি ২৯ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। ৯.৮১ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৯.৬২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, শার্প ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং লংকাবাংলা ফাইন্যান্স।






