শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। পাশাপাশি লেনদেনও বেড়ে ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় সাড়ে তিন মাস পর এক দিনে ডিএসইতে এত বেশি লেনদেন হলো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। তবে সেখানে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে সূচকও ঊর্ধ্বমুখী হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে লেনদেনের শেষ দিকে ক্রেতাদের চাপে দরবৃদ্ধির প্রবণতা আরও জোরালো হয়।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে এবং ‘ডিএসই শরিয়াহ’ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানিগুলোর মধ্যে ১১৮টির দাম বেড়েছে, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির।
এ ছাড়া লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির দাম বেড়েছে, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও কমেছে ১১টির। অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও বড় উল্লম্ফন হয়েছে। আজ বাজারটিতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।
লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৪৮ কোটি ১১ লাখ টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মালেক স্পিনিং। ৩৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল। লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ‘সিএএসপিআই’ ১৫৩ পয়েন্ট বেড়েছে। এদিন বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
তবে সূচক বাড়লেও সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। আগের কার্যদিবসে ২৫ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হলেও রোববার তা কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় নেমে এসেছে।




