শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবারও দরপতন অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই দরপতন হলো শেয়ারবাজারে।
সোমবার লেনদেনের শুরুতে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং প্রথম দুই ঘণ্টা এই ধারা বজায় থাকে। তবে দুপুর ১২টার পর থেকে বিমা খাতের শেয়ার দর কমতে শুরু করলে অন্যান্য খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।
দিনশেষে ডিএসইতে ১৩৫টি প্রতিষ্ঠানের দাম বাড়ার বিপরীতে ১৯২টির দাম কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল। বিমা খাতের ১৪টির দাম বাড়লেও কমেছে ৪১টির।
দাম কমার তালিকায় বড় প্রতিষ্ঠানের সংখ্যা বেশি থাকায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে নেমে গেছে।
সূচক কমলেও ডিএসইতে লেনদেন বেড়ে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫৫৮ কোটি ৮০ লাখ টাকা। এদিনের লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শাহজিবাজার পাওয়ার, ডরিন পাওয়ার এবং এনভয় টেক্সটাইল। এছাড়া শীর্ষ দশে ছিল ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইল, শাইনপুকুর সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পতেঙ্গা পাওয়ার।
অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বাড়লেও ৮৭টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছে এবং দিনশেষে ৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ১১ কোটি ২১ লাখ টাকা।



