বিএসআরএমসহ পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো— বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
লভ্যাংশ ঘোষণা দেওয়া কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিলস ৬০ শতাংশ, বিএসআরএম লিমিটেড ৫৫, বাংলাদেশ ল্যাম্পস ১০, ফার ইস্ট নিটিং ৬ এবং নাহি অ্যালুমিনিয়াম ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাঁচ কোম্পানির মধ্যে বাংলাদেশ ল্যাম্পস ও নাহি অ্যালুমিনিয়াম আগের হিসাববছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। তবে ফার ইস্ট নিটিংয়ের লোকসান বেড়েছে।
বিএসআরএম স্টিলস
কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯.০৩ টাকা। আগের হিসাববছরে এ আয় ছিল ১৩.৭৭ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৩৬ টাকা, যা আগের বছর ছিল ৯০.৫২ টাকা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ২৪.৪৬ টাকায় দাঁড়িয়েছে। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৪৫.০২ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
বিএসআরএম
কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর এ আয় ছিল ২০.৫৭ টাকা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮৬.০৬ টাকা, যা আগের বছর ছিল ১৬৬.৭৯ টাকা। তবে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ কমে ৬.৪৯ টাকায় দাঁড়িয়েছে। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৫২.১৫ টাকা। কোম্পানিটির এজিএম আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ নভেম্বর।
বাংলাদেশ ল্যাম্পস
কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬.২২ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.০২ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৩.১২ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক ১৩.৮৬ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
ফার ইস্ট নিটিং
কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৬০ পয়সা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ০.৬৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১.৭১ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৩.৪০ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ১.৭৫ টাকা। বুধবার (১৪ অক্টোবর) গুলশান-১-এর মইন সেন্টারে কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩১৯তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাহি অ্যালুমিনিয়াম
কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭.১৮ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক ০.৫৪ টাকা। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।



